রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মো. হাবিবুর রহমান ওরফে লিটন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। এ সময় তাঁর কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাবিবুর রহমান ভাটাপাড়া (কাদের মণ্ডলের মোড়) এলাকার মৃত আনিস উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় হাবিবুর রহমানের হেফাজত থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। পরে ফোনটি তল্লাশি করে একটি সিমকার্ড, বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট একটি মোবাইল নম্বর, অনলাইন জুয়া ও বেটিংসংক্রান্ত তিনটি অ্যাপ এবং একটি জিমেইল আইডি পাওয়া যায়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজপাড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি রাজশাহীতে অনলাইন জুয়া পরিচালনাকারীদের অন্যতম। তাঁকে আদালতে হাজির করে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হচ্ছে।