রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম (৪২) হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্দুর রাজ্জাককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার করিশা গ্রামের ইমদাদুলের পানবরজে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আব্দুর রাজ্জাক। তাঁর বাবার নাম মৃত আজিম উদ্দিন। তবে তাঁর স্থায়ী ঠিকানার বিস্তারিত তথ্য জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২০ নভেম্বর) রাত আড়াইটার দিকে জাহানাবাদ ইউনিয়নের করিশা গ্রামে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন শেফালী বেগম। পরবর্তী সময়ে তাঁর মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত শেফালী বেগম করিশা গ্রামের বাসিন্দা এবং তাঁর বাবার নাম কোঁকড়া। পারিবারিক সূত্র জানায়, রাতের খাবার শেষে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। গভীর রাতে বাড়ির পাশে শব্দ শুনে ঘুম ভাঙে তাঁর ছেলে মো. নবাব আলীর। ঘর থেকে বের হয়ে তিনি দেখতে পান, বাড়ির বাইরের গেট বন্ধ থাকলেও তাঁর মা ঘরে নেই।

এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শেফালী বেগমের মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। মর্মান্তিক এ ঘটনায় পরিবারসহ স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ঘটনার পর থেকেই হত্যার রহস্য উদ্‌ঘাটন ও অভিযুক্তকে গ্রেপ্তারে মাঠে নামে মোহনপুর থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় রোববার সকালে পানবরজে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম। তাঁর সঙ্গে ছিলেন এসআই আতাউর রহমান, এএসআই রিপনসহ পুলিশের একটি দল।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।