রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) শাহমখদুম, কাটাখালী, রাজপাড়া ও মতিহার থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনকে মাদক ব্যবসার অভিযোগে এবং একজনকে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ সময় ১১০ পিস ইয়াবা, ৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯৩ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৬০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর ভোর সোয়া ৫টার দিকে শাহমখদুম থানা পুলিশ বড়বনগ্রাম শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে শামীম (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মকবুল হোসেনের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে শাহমখদুম থানায় পেনাল কোডে দুটি ও জুয়া আইনে একটি মামলা রয়েছে।
এর আগে ১৯ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে কাটাখালী থানা পুলিশ টাংগন মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাসেল সরকার (৩১) নামের একজনকে গ্রেপ্তার করে। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের হারুন সরকারের ছেলে। বর্তমানে কাটাখালী থানার হরিয়ান মৃধাপাড়া এলাকায় বসবাস করেন। তাঁর কাছ থেকে ছয় পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি এবং পেনাল কোডে একটি মামলা রয়েছে।
একই দিন রাত সোয়া ১১টার দিকে কাটাখালী থানা পুলিশ শ্যামপুর নগরপাড়া এলাকায় রাজিয়া সুলতানা ওরফে পিঞ্জিরা (৩০) নামের এক নারীকে তাঁর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের রুবেলের স্ত্রী। এ সময় তাঁর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও চার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, ২০ নভেম্বর রাত সোয়া ৯টার দিকে রাজপাড়া থানা পুলিশ দাশপুকুর বৌ বাজার এলাকায় অভিযান চালিয়ে রাজা (৩২) নামের একজনকে গ্রেপ্তার করে। তিনি কুষ্টিয়ার ইবি থানার উজানগ্রাম (বৃত্তিপাড়া) গ্রামের সন্তোষের ছেলে। বর্তমানে রাজপাড়া থানার বাকীর মোড় এলাকায় বসবাস করেন। তাঁর কাছ থেকে নয়টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।
একই দিন রাত সাড়ে ১০টার দিকে রাজপাড়া থানা পুলিশ ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান ওরফে মনা (২৬) নামের একজনকে গ্রেপ্তার করে। তিনি লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। তাঁর কাছ থেকে ৪৩ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৬০ টাকা জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধেও রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।
এদিকে, একই দিন রাত সোয়া ২টার দিকে মতিহার থানা পুলিশ ধরমপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় বন্ধন (২৫) নামের এক যুবককে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। তিনি কাজলা সুইটের মোড় এলাকার মিঠুর ছেলে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। তাঁর বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি ও পেনাল কোডে একটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।