রাজশাহীর গোদাগাড়ীতে দুটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহীন আলী (৩৮) ও পিংকি খাতুন (২৮)। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।

গতকাল শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টায় গোদাগাড়ী উপজেলার সারইল গ্রামে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে জেলা পুলিশের পাঠানো সংবাদ বজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সারইল গ্রামে আনোয়ার হোসেন বাবুর বাড়ির দক্ষিণ পাশে মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে দুজন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে রাজশাহী শহরের দিকে আসছেন।

এরপর চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। রাত ৮টার দিকে সন্দেহভাজন অটোরিকশাটিকে থামানোর সংকেত দিলে এর দুই যাত্রী নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের আটক করে দেহ তল্লাশি চালায়। তল্লাশিতে শাহীন আলীর পরিহিত জিন্স প্যান্টের সামনের দুই পাশের পকেট থেকে দুটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ, ৭.৬৫ মিমি), চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শাহীন আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শীষ মোহাম্মদের ছেলে। পিংকি খাতুন একই উপজেলার জমিনপুর গ্রামের মৃত ইসরাইল আলীর মেয়ে।

আরও জানানো হয়, এ ঘটনায় শাহীন (৫৬) নামে আরও একজন অভিযুক্ত পলাতক রয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের ভিকুর ছেলে। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শাহীন আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। পলাতক শাহীনের (৫৬)  বিরুদ্ধে ঢাকার সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে এসআই আব্দুল মতিন ও তাঁর সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।