সবুজ লতার ফাঁকে ফাঁকে ঝুলছে বেগুনি ও হলুদাভ রঙের অচেনা এক ফল। বাতাসে দোল খাওয়া এই ফলের নাম প্যাশন ফ্রুট, স্থানীয়ভাবে যা পরিচিতি পেয়েছে ‘আনারকলি’ নামে। বিদেশি এই ফলটিই এখন বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল গ্রামের কৃষি উদ্যোক্তা সামছুল আলামিনের চোখে বুনে দিয়েছে লাখ টাকার স্বপ্ন। মাত্র ১২ শতক জমিতে পরীক্ষামূলকভাবে আনারকলি চাষ করেই সাফল্যের দেখা পেয়েছেন তিনি।

কৃষিপ্রেমী সামছুল আলামিন ছোটবেলা থেকেই মাটির গন্ধ আর সবুজের সঙ্গে তার সখ।  প্রচলিত ধান-পাটের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুনত্ব আনার নেশা তাকে তাড়িয়ে বেড়াত সবসময়। 

সেই তাড়না থেকেই উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রায় ১৫ বছর আগে বাবার ১৬ শতক জমিতে কুল চাষের মাধ্যমে যাত্রা শুরু করেন তিনি।এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কঠোর পরিশ্রম আর আধুনিক কৃষি প্রযুক্তির মেলবন্ধনে সেই ১৬ শতকের বাগান আজ বিস্তৃত হয়ে দাঁড়িয়েছে প্রায় সাত একরে। তার বাগানে এখন শোভা পাচ্ছে ড্রাগন, মাল্টা, পেয়ারা, আঙুর ও স্ট্রবেরিসহ দেশি-বিদেশি নানা জাতের ফল।

চলতি বছরের জুন-জুলাই মাসের কথা। অবসরে ইউটিউবে কৃষিবিষয়ক ভিডিও দেখার সময় সামছুলের নজরে আসে বিদেশি ফল প্যাশন ফ্রুট বা আনারকলির চাষাবাদ। ব্যতিক্রমী এই ফলটির পুষ্টিগুণ ও বাজার সম্ভাবনা তাকে দারুণভাবে আকৃষ্ট করে। ইন্টারনেট থেকে উৎপাদন কৌশল রপ্ত করে এবং চারা সংগ্রহ করে মাত্র ১২ শতক জমিতে পরীক্ষামূলকভাবে শুরু করেন আনারকলি চাষ। 

রোপণের কয়েক মাসের মধ্যেই লতানো গাছগুলোতে থোকায় থোকায় ফল আসতে শুরু করে।
এই ১২ শতক জমিতে আনারকলি চাষে সামছুল আলামিনের খরচ হয়েছে মাত্র ২০ হাজার টাকা। অথচ প্রথম দফাতেই তিনি বাগান থেকে প্রায় ৩০ হাজার টাকার ফল বিক্রি করেছেন। মৌসুমজুড়ে এই ছোট্ট জমি থেকেই লক্ষাধিক টাকার ফল বিক্রির আশা করছেন তিনি।

উদ্যোক্তা সামছুল আলামিন নিজের সফলতার নিয়ে বলেন, “উৎপাদন খরচ তুলনামূলক অনেক কম হওয়ায় আনারকলি চাষে লাভের সম্ভাবনা বেশ ভালো। বর্তমানে প্রতি কেজি ফল পাইকারি ৩০০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি করছি। নতুন ফল হওয়ায় স্থানীয় বাজারে ক্রেতাদের কাছে এর পরিচিতি এখনো কিছুটা কম। তবে কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের পর্যটন ও বড় শহরগুলোতে এর ব্যাপক চাহিদা রয়েছে। নিয়মিত সেখানে ফল পাঠানো হচ্ছে। আগামীতে চাষের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।”

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম জানান, আনারকলি বা প্যাশন ফ্রুট অত্যন্ত পুষ্টিগুণসমৃদ্ধ একটি ফল। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে, যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। ধুনটের মাটিতে সামছুল আলামিনের এই সফলতা অন্য কৃষকদেরও অনুপ্রাণিত করছে। ফলটির চাষ সম্প্রসারণ করা গেলে এ অঞ্চলের কৃষিতে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করেন তিনি।

প্রচলিত চাষাবাদের বাইরে গিয়ে সামছুল আলামিনের এই সাহসী উদ্যোগ প্রমাণ করে, সঠিক তথ্যপ্রযুক্তির ব্যবহার আর অধ্যবসায় থাকলে দেশের মাটিতেই বিদেশি ফসলের সোনালি ফসল ফলানো সম্ভব।