ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে টানা গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টিতে রাজশাহীর কৃষিতে দেখা দিয়েছে বিপর্যয়ের আশঙ্কা। বৈরী আবহাওয়ায় জেলার নয়টি  উপজেলার বিভিন্ন ফসলের মাঠে কেটে রাখা পাকা আমন ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। একই সঙ্গে আগাম শীতকালীন সবজির খেতে পানি জমে পচন ধরার শঙ্কা দেখা দিয়েছে। 

এতে সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাজশাহীতে প্রায় ৮৩ হাজার ৫০০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা এবং রোগবালাইয়ের প্রকোপ কম থাকায় এবার ধানের বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি হয়েছিল। 

কৃষি বিভাগের হিসাবে, চলতি মৌসুমে জেলায় প্রায় ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে। তবে কাটা ধানের একটি বড় অংশ এখনো মাঠেই পড়ে রয়েছে। এরই মধ্যে টানা বৃষ্টিতে ভিজে যাচ্ছে ধানের আঁটি।

ভুক্তভোগী কৃষকরা জানান, চারা রোপণ থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত চলতি মৌসুমে উৎপাদন খরচ বেড়েছে। ডিজেলের মূল্যবৃদ্ধি, সার ও কীটনাশকের উচ্চমূল্য এবং কৃষিশ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে প্রতি বিঘা জমিতে আমন ধান উৎপাদনে ব্যয় হয়েছে প্রায় ১৪ থেকে ১৬ হাজার টাকা। এখন অসময়ের বৃষ্টিতে কেটে রাখা ধান ভিজে চিটা ও কালচে হয়ে গেলে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে। পাশাপাশি ভেজা ধান দ্রুত ঘরে তুলতে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে হলে লোকসানের বোঝা আরও বাড়বে।

দুর্গাপুর উপজেলার বহরমপুর গ্রামের কৃষক মো. মিনহাজ আবেদিন আক্ষেপ করে বলেন, ‘বিঘাপ্রতি প্রায় ১৫ হাজার টাকা খরচ করে ধান ফলিয়েছি। ধান কাটার পর বাড়িতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই এই বৃষ্টি শুরু হয়েছে। জমিতে পানি জমে ধানের আঁটি ভিজে যাচ্ছে। এবার ফসলের ক্ষতি হলে পরিবার নিয়ে সারা বছর কীভাবে চলব, তা ভেবে পাচ্ছি না।’

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভীন লাবনী জানান, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে মাঠে কেটে রাখা আমন ধান এবং নিচু জমির শীতকালীন সবজির কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি থেমে রোদ উঠলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে।

তিনি আরও জানান, মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের জরুরি পরামর্শ দেওয়া হচ্ছে। জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে এবং বৃষ্টির বিরতি পেলেই ভেজা ধান উঁচু ও শুকনো স্থানে সরিয়ে নেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষকদের আশঙ্কা, সময়মতো বৃষ্টি না থামলে মাঠে পড়ে থাকা কাটা ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি শীতকালীন সবজিরও ক্ষতি হতে পারে। এতে চলতি মৌসুমে উৎপাদন ব্যয় পুষিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে। তাই দ্রুত বৈরী আবহাওয়ার অবসান ও ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছেন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকা কৃষকরা।