বাহুমূলে কোনও রকম স্ফীতি মানেই কি ক্যানসার? একেবারেই নয়। সংক্রমণ থেকে শুরু করে লিপোমা— এর পিছনে থাকতে পারে নানা কারণ। কী সেগুলি?
বাহুমূলে হঠাৎ কোনও ফোলা অংশ বা ছোট্ট মাংসপিণ্ডের মতো কিছু টের পেলে স্বাভাবিক ভাবেই মনে নানা আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে স্তন ক্যানসারের সঙ্গে বাহুমূলের লসিকাগ্রন্থির সম্পর্কের কথা অনেকেই জানেন। কিন্তু সেখানে কোনও রকম স্ফীতি মানেই কি ক্যানসার? তা একেবারেই নয়। সংক্রমণ থেকে শুরু করে লিপোমা— এর পিছনে থাকতে পারে নানা কারণ। তবে কোন লক্ষণগুলিকে গুরুত্ব দেওয়া জরুরি, তা-ও জানা প্রয়োজন।
কী কী কারণে বাহুমূলে মাংসপিণ্ড দেখা দিতে পারে?
১. ব্যাক্টেরিয়া বা ভাইরাসের সংক্রমণ: বাহুমূলের কোনও স্ফীতি দেখা দেওয়ার অন্যতম সাধারণ কারণ হল সংক্রমণ। সর্দি-কাশি, ফ্লু বা ত্বকের কোনও সংক্রমণের কারণে বাহুমূলের নীচে থাকা লসিকাগ্রন্থি ফুলে যেতে পারে। এই ধরনের গুটিতে সাধারণত ব্যথা থাকে। সঙ্গে জ্বর বা ক্লান্তির মতো উপসর্গও দেখা দিতে পারে। সংক্রমণ কমে এলে অনেক ক্ষেত্রেই ফোলাভাবও ধীরে ধীরে কমে যায়।
২. লিপোমা: ত্বকের নীচে চর্বির কোষ দিয়ে তৈরি হয় নিরীহ মাংসপিণ্ড। এ ধরনের গুটি সাধারণত নরম হয় এবং আঙুল দিয়ে স্পর্শ করলে ত্বকের নীচে কিছুটা নড়াচড়া করতে পারে। এই ধরনের বিনাইন সিস্টে কখনও আবার ব্যথাও থাকে না। কিন্তু সংক্রমণ বা অস্বস্তি হলে চিকিৎসার প্রয়োজন পড়তে পারে।
৩. স্ফীত লসিকাগ্রন্থি: শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হল লসিকাগ্রন্থি। শরীরে সংক্রমণ বা প্রদাহ তৈরি হলে এই গ্রন্থিগুলি ফুলে যেতে পারে। বাহুমূলের নীচেও এমনটা হওয়া অস্বাভাবিক নয়। সাধারণত যে কারণে গ্রন্থি ফুলেছে, সেই সংক্রমণ বা প্রদাহের চিকিৎসা হলে ফোলাভাব কমে আসে। কিন্তু দীর্ঘদিন ধরে গুটি থেকে গেলে বা আকারে ছোট না হলে বিষয়টি পরীক্ষা করানো প্রয়োজন।
৪. টিউবারকিউলোসিস: টিউবারকিউলোসিসের কারণেও কখনও কখনও বাহুমূলের লসিকাগ্রন্থি ফুলে যেতে পারে। যদিও এটি তুলনামূলক ভাবে বিরল, তবু একেবারে উপেক্ষা করা উচিত নয়। সে ক্ষেত্রে নির্দিষ্ট চিকিৎসার প্রয়োজন হয়। তাই পরীক্ষা ছাড়া গুটির কারণ নিজে থেকে নির্ধারণ করা ঠিক নয়।
৫. লিম্ফোমা: বিরল ক্ষেত্রে বাহুমূলের স্ফীত মাংসপিণ্ড লিম্ফোমার লক্ষণও হতে পারে। এটি এক ধরনের ক্যানসার, যা শরীরের লসিকাতন্ত্রকে প্রভাবিত করে। লিম্ফোমার কারণে তৈরি হওয়া গুটি সাধারণত ব্যথাহীন হয়। এর সঙ্গে রাতে অতিরিক্ত ঘাম হওয়া, কোনও কারণ ছাড়াই ওজন কমে যাওয়া বা জ্বরের মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে এই লক্ষণগুলি থাকলেই যে লিম্ফোমা হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছোনো যায় না। সঠিক রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকের পরীক্ষা প্রয়োজন।