গুজরাটের লিখিত ইতিহাস মৌর্য যুগের সূচনাকাল থেকে শুরু হয়। তবে এর বিস্তৃত ও প্রমাণভিত্তিক ইতিহাসের শুরু ভাল্লভীপুর থেকে। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর খ্রিস্টাব্দ ৪৭০ সালে ভাল্লভীতে মৈত্রক রাজবংশ প্রতিষ্ঠিত হয়।
ড. হরিপ্রসাদ গঙ্গাধর শাস্ত্রী তার ‘গুজরাটের ইতিহাস - প্রাচীন যুগ’ গ্রন্থে উল্লেখ করেছেন, গুজরাটের প্রাচীন ইতিহাসে মৈত্রকদের শাসনকাল ছিল দ্বিতীয় দীর্ঘতম সময়কাল।
খ্রিস্টাব্দ ৪৭০ থেকে ৭৮৮ সাল পর্যন্ত, তিন শতাব্দীরও বেশি সময় ধরে তারা এ অঞ্চলে শাসন করেছে।
ইতিহাস গ্রন্থের বর্ণনা অনুযায়ী, মৈত্রক বংশের প্রতিষ্ঠাতা সেনাপতি ভট্টার্ক থেকে শুরু করে গুজরাটে বহু খ্যাতিমান শাসকের আবির্ভাব ঘটে। ভট্টার্ক সমগ্র সৌরাষ্ট্র অঞ্চল এবং কচ্ছ, উত্তর গুজরাট ও মধ্য গুজরাটের বিস্তীর্ণ এলাকা শাসন করেন।
মৈত্রকদের শাসনকালে ভাল্লভী ছিল গুজরাটের রাজধানী। গিরিনগরের পর মৈত্রক আমলে ভাল্লভী গুজরাটের রাজনৈতিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। এর সমৃদ্ধি ও বিপুল ঐশ্বর্যের উল্লেখ ইতিহাসে সংরক্ষিত আছে।
প্রফেসর মাওলানা সৈয়দ আবু জাফর নাদভি তার ‘গুজরাটের ইতিহাস - আর্যদের আগমন থেকে মুসলিম আক্রমণ পর্যন্ত’ গ্রন্থে লিখেছেন, “এই নগরীর অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সমৃদ্ধ ছিল। হূণদের যুগ থেকে শুরু করে পরবর্তীকালে আগত আরব ভ্রমণকারীরা পর্যন্ত এর সম্পদের কথা উল্লেখ করেছেন। বাণিজ্যও ছিল সমৃদ্ধ। এখানে বহু ধনী পরিবার বাস করত। শতাধিক কোটিপতি এখানে বসবাস করতেন।”
সম্পদ ও জ্ঞানচর্চার জন্য বিখ্যাত এ নগরীর অস্তিত্ব যেমন ছিল অত্যন্ত গৌরবময়, তেমনি এর পতনের কাহিনীও সমানভাবে বিস্ময়কর ও চমকপ্রদ।
ইতিহাসের বিবরণ অনুযায়ী, সেনাপতি ভট্টার্কের রাজধানী এবং প্রায় এক হাজার মাইল বিস্তৃত এই বিশাল নগরীর পতনের পেছনে একটি ‘চিরুনি’ ছিল কারণ।