রাজশাহী মহানগরীর রাজপাড়া ও পবা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা পৃথক মামলায় কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওয়ার্ড ও জেলা পর্যায়ের নেতাও রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল থেকে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাজপাড়া থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে লক্ষ্মীপুর মোড় এলাকা থেকে মো. জাবেদ আকতার (৫০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং লক্ষ্মীপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

একই দিন বিকেল ৫টা ১৫ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বোয়ালিয়া থানার নিউমার্কেট এলাকার মোহন ব্রাদার্স নামের একটি দোকান থেকে মো. মনিরুল ইসলাম মনা (৪০) নামে আরেকজনকে গ্রেপ্তার করে। তিনি কাদিরগঞ্জ দড়িখরবোনা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। পুলিশ তাঁকে নাশকতা কার্যক্রমে জড়িত ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করেছে।

এ ছাড়া শুক্রবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ডিবি পুলিশ রাজপাড়া থানার মহিষবাথান এলাকায় অভিযান চালিয়ে মো. নুরুজ্জামান টুকু (৪৯)-কে গ্রেপ্তার করে। তিনি লক্ষ্মীপুর ভাটাপাড়া গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে।

অন্যদিকে, পবা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা পৃথক মামলায় বৃহস্পতিবার রাত ৭টার দিকে আলাইবিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান মানজাল (৫৩)-কে গ্রেপ্তার করে পবা থানা পুলিশ। তিনি নওহাটা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। পুলিশ জানায়, তিনি কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের রাজশাহী জেলা শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি, পবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।