নারীর ক্ষমতায়ন, পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়নের লক্ষ্য নিয়ে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে চলছে নাটোরে। 

এ কর্মসূচির আওতায় উপযুক্ত পরিবার চিহ্নিত করতে জেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও ছবি তোলার কাজ করছেন মাঠপর্যায়ের কর্মীরা। 

ইতোমধ্যে জেলার মোট খানার প্রায় ১১ শতাংশের তথ্য সংগ্রহ, ডাটা এন্ট্রি ও চূড়ান্তকরণের কাজ সম্পন্ন হয়েছে।

জেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী নাটোর জেলায় মোট খানার সংখ্যা ৫ লাখ ৩৪ হাজার ২২৮টি। জেলার আটটি পৌরসভা ও ৫২টি ইউনিয়নে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রাথমিক পর্যায়ে অতি দরিদ্র, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত পরিবারগুলোকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পরিবারের মা অথবা নারী প্রধান সদস্যের নামে ইস্যু করা হবে এ কার্ড।

নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং পরিবারকেন্দ্রিক সামাজিক সুরক্ষা জোরদার করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। এ জন্য প্রতিটি পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্যসংখ্যা ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে।

গত ১৪ অক্টোবর থেকে নাটোরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও পরিবারের সদস্যদের ছবি তোলার কার্যক্রম শুরু হয়। এ কাজ পরিচালনার জন্য ৭৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৭৪৩ জন সুপারভাইজারকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে উপজেলা পর্যায়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্টদের ট্যাবসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে।

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘সরকার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাধ্যমে উপজেলার সামগ্রিক বাস্তব চিত্র জানতে চায়। তাই সংগৃহীত তথ্য অবশ্যই নির্ভুল হতে হবে। এ ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো পরিবারের তথ্য যেন ভুলভাবে উপস্থাপিত না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে।’

মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের তথ্য সংগ্রহকারী নুসরাত জাহান দিনা বলেন, ‘১৪ অক্টোবর থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও ছবি তোলার কাজ করছি। প্রতিদিন সকাল ৭টায় কাজ শুরু করে সন্ধ্যা পর্যন্ত মাঠে থাকতে হয়। বিরতিহীনভাবে কাজ করলে এক দিনে সর্বোচ্চ ২৪টি খানার জরিপ সম্পন্ন করতে পারি। ট্যাবের মাধ্যমে সংগৃহীত তথ্য সংশ্লিষ্ট খানা থেকেই সুপারভাইজারের কাছে পাঠিয়ে দিই।’

জরিপের প্রতিবন্ধকতা সম্পর্কে তেবাড়িয়া ইউনিয়নের সুপারভাইজার আতিকুর রহমান বলেন, ‘অনেক পরিবারের শিশুদের জন্মনিবন্ধন না থাকা এবং সার্ভারজনিত সমস্যার কারণে জরিপ কার্যক্রমে কিছুটা দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। কোনো কোনো পরিবারের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের জন্য একাধিকবার বাড়িতে যেতে হচ্ছে। তেবাড়িয়া ইউনিয়নে মোট ১১ হাজার খানার মধ্যে এ পর্যন্ত প্রায় ৪ হাজার ৮০০ খানার তথ্য সংগ্রহ করা হয়েছে।’

বড়াইগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘ফ্যামিলি কার্ডের জন্য বাড়ি বাড়ি গিয়ে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম যেন নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করা যায়, সে জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মাঠপর্যায়ের কর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।’

নলডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার বলেন, “ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ক্ষেত্রে প্রতিটি পরিবারের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে জরিপ কার্যক্রম সম্পন্ন করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

নাটোর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পিয়ারুল ইসলাম বলেন, ‘তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে, সেগুলো অতিক্রম করে কর্মসূচি সফল করতে আমরা কাজ করছি। তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় ও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রয়েছে।’

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, “ফ্যামিলি কার্ড সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচি। এ কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত দরিদ্র, অতি দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলো পায়, সে জন্য তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে হবে। মাঠপর্যায়ের কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। কোনো প্রকৃত উপকারভোগী যেন জরিপের বাইরে না থাকেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।”

সমাজসেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ বলেন, ‘প্রাথমিক পর্যায়ে জেলার আটটি পৌরসভা ও ৫২টি ইউনিয়নের অতি দরিদ্র, দরিদ্র এবং ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপযুক্ত পরিবার চিহ্নিত করা হবে।’

নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার বলেন, ‘ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক কর্মসূচি। তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও সুচারুভাবে সম্পন্ন করতে সমাজসেবা বিভাগের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং অব্যাহত রয়েছে।’

সংশ্লিষ্টরা বলছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে প্রতিটি পরিবারের প্রকৃত অবস্থা যাচাই করে তথ্য সংরক্ষণ করা গেলে ,

প্রকৃত উপকারভোগী চিহ্নিত করা সহজ হবে। এর মাধ্যমে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নে কর্মসূচিটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।