আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। তারা যে সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে, সহিংসতার মাধ্যমে নিজেরাই তা প্রকাশ করেছে। সরকার এখনো সহনশীল আচরণ করছে। 

এটিকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। দেশের মানুষকে নিরাপদ রাখতে যা যা প্রয়োজন, সরকার তা করবে। সহিংসতা ও নাশকতায় জড়িতদের জায়গা হবে কারাগারে।

তিনি আরও বলেন, কোনো পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়, সহিংসতা চায় না।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে বগুড়ার মোকামতলা ও শিবগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার সব শিক্ষার্থী ও শিক্ষকের মাঝে ৬২ হাজার নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ বিতরণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে তাঁর উদ্যোগে এ আয়োজন করা হয়। দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা এ আয়োজনে অংশ নেন।

বগুড়ার কৃতী সন্তানের জন্মদিনে আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিলাম একটি করে বৃক্ষ ও বিশুদ্ধ পানি পান করার মগ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রত্যেকের বাড়িতে একটি করে গাছের চারা লাগানোর আহ্বান জানাচ্ছি। ভালো কাজের সঙ্গে থাকতে হবে, সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পরিবেশ রক্ষা ও সুন্দর সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা চাই, আজকের শিক্ষার্থীরা শুধু একটি গাছের চারা গ্রহণ করবে না, বরং সেটির যত্ন নিয়ে বড় করার দায়িত্বও নেবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী অনুশাসন জারি করেছেন। ডিজিটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে এসব পৌরসভাকে পরিকল্পিতভাবে সাজানো হবে। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, উন্নত যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও আধুনিক নগরসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে।তিনি আরও জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে আসবেন। সেখানে তিনি মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার উদ্বোধন করবেন। একই সফরে মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়ক নির্মাণকাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।