নওগাঁর পোরশায় আমন ধান কাটার মৌসুমে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। একদিকে মাঠজুড়ে পাকা ধান কাটার ধুম, অন্যদিকে হঠাৎ বৃষ্টিতে কাটা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
শুক্রবার (২০ রভেম্বর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন মাঠে কৃষকদের ধান কাটতে দেখা গেছে। তবে এরই মধ্যে বৃষ্টি শুরু হওয়ায় কাটা ধান শুকানো ও নিরাপদে ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন তারা। অনেক কৃষক বৃষ্টির হাত থেকে কাটা ধান রক্ষায় তাড়াহুড়ো করে ধান বাড়িতে নেওয়ার চেষ্টা করছেন।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধান কাটার উপযুক্ত সময় হওয়ায় তারা শ্রমিক ও মেশিনের মাধ্যমে দ্রুত ধান কাটছেন। কিন্তু বৃষ্টি হলে মাঠে কাটা ধান ভিজে যাওয়ার পাশাপাশি জমিতে থাকা পাকা ধানও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
কৃষকরা বলছেন, ধান কাটার এই গুরুত্বপূর্ণ সময়ে টানা বৃষ্টি হলে উৎপাদন খরচ বেড়ে যেতে পারে এবং ধানের মানও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত আবহাওয়া স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছেন তারা।
স্থানীয় কৃষকদের ভাষ্য, একদিকে ধান কাটার ব্যস্ততা, অন্যদিকে বৃষ্টির চোখরাঙানি—সব মিলিয়ে এবারের ধান ঘরে তোলা নিয়ে তারা অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন।