রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে বিশ্ববাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আদালতের রায় শুধু কাগজে-কলমে থাকলে চলবে না, এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার জন্য নিরাপত্তা, বৈষম্য থেকে সুরক্ষা, চলাচলের স্বাধীনতা ও নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা জরুরি।
ড. খলিলুর রহমান বলেন, বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আইসিজে ঐতিহাসিক রায় দিয়েছেন। আদালত ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন।
তিনি বলেন, আদালত মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং রোহিঙ্গাদের গ্রাম ধ্বংসের প্রমাণ পেয়েছেন। অন্তত ১০ হাজার মানুষ হত্যার প্রমাণের কথাও আদালত উল্লেখ করেছেন। এসব অপরাধের পেছনে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন।
রোহিঙ্গাদের পরিচয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আদালত তাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যাদের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক বহু প্রজন্মের। এই রায় রোহিঙ্গাদের পরিচয় ও ইতিহাসের স্বীকৃতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, কোনো রায়ই নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনতে বা সব ক্ষত সারিয়ে তুলতে পারবে না। তবে সত্যের স্বীকৃতি ন্যায়বিচারের সূচনা। এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাক্ষ্য আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় প্রতিফলিত হয়েছে।
রায় বাস্তবায়নে চার দফা আহ্বান
বক্তব্যে আইসিজের রায় বাস্তবায়নে ৪টি বিষয়ে গুরুত্ব দেন ড. খলিলুর রহমান। প্রথমত, গণহত্যা সনদের আওতায় নিষিদ্ধ অপরাধে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, আদালত মিয়ানমারের জাতীয় আইনের ঘাটতি দূর করা এবং এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। মিয়ানমারকে সদিচ্ছার সঙ্গে এসব বাধ্যবাধকতা পূরণ এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে। মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে সদস্যরাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তা না হলে আদালতের রায় রোহিঙ্গাদের জীবনে প্রত্যাশিত পরিবর্তন আনতে পারবে না।