২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় সাদিকুল ইসলাম নামে এক মাদ্রাসাছাত্রকে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো. মাহমুদুল হাসান মোড়লের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।
তবে তদন্তের স্বার্থে প্রয়োজনে পরবর্তীকালে তাকে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে বলে গ্রেফতার আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন।
প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি শুনানিতে আদালতকে বলেন, তিনি (নাহিদ) সাবেক সরকারের একজন মন্ত্রী ছিলেন৷ ডিসেম্বরকেন্দ্রিক দেশে অস্থিরতা সৃষ্টি করতে কাজ করেছেন। তাই তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন।
তবে আসামি পক্ষের কোনো আইনজীবী তার পক্ষে শুনানি করেননি এবং তাকে আদালতের এজলাসেও তোলা হয়নি।
এরআগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়।