বাজারে পেঁয়াজের দাম নেই। উৎপাদন খরচ তো দূরের কথা, অনেক ক্ষেত্রে পরিবহন খরচও উঠছে না। তারপরও থেমে নেই রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষকরা। লোকসানের বোঝা ও হতাশা নিয়েই নতুন করে স্বপ্ন বুনছেন তাঁরা। আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজের চারা রোপণ ও পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুঠিয়ার সবচেয়ে বড় পাইকারি বাজার বানেশ্বর হাটে বর্তমানে ৪২ কেজিতে এক মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। এ দামে পেঁয়াজ বিক্রি করে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। অনেক সময় পরিবহন খরচও উঠছে না। ফলে চলতি মৌসুমে পেঁয়াজ চাষ করে আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তাঁরা।

কৃষক মজিবর রহমান আক্ষেপ করে বলেন, “পেঁয়াজের দাম নাই তো কী করব? নিজের জমি তো আর ফেলে রাখা যায় না। তাই আবারও পেঁয়াজ চাষ করছি।”
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক মৌসুমে পেঁয়াজের বাজারে দরপতন ও ন্যায্যমূল্য না পাওয়ায় অনেক কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেউ কেউ ঋণগ্রস্তও হয়ে পড়েছেন। কিন্তু কৃষিই তাঁদের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। তাই অতীতের লোকসান ভুলে আগাম মুড়িকাটা পেঁয়াজ চাষের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় নতুন করে মাঠে নেমেছেন তাঁরা।

717a4633-7948-41c3-8ae9-6f269fec45a2.jpg

উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, ভোরের আলো ফোটার আগেই জমিতে কাজ শুরু করছেন কৃষকরা। কেউ জমির মাটি প্রস্তুত করছেন, কেউ বীজতলা থেকে চারা তুলছেন, আবার কেউ সার প্রয়োগ, সেচ ও আগাছা পরিষ্কারের কাজে ব্যস্ত। কোথাও কোথাও দলবেঁধে মুড়িকাটা পেঁয়াজের চারা রোপণ করছেন কৃষকরা।

উপজেলার সদর ইউনিয়ন, বানেশ্বর, বেলপুকুর ও শিলমাড়িয়া এলাকার পেঁয়াজচাষি রহিম উদ্দিন বলেন, “গতবার পেঁয়াজ বিক্রি করে যে দাম পেয়েছি, তাতে উৎপাদন খরচই ওঠেনি। অনেক টাকা লোকসান হয়েছে। পেঁয়াজের দাম নেই বলে কি আর চাষ বন্ধ রাখা যায়?”

বানেশ্বর ইউনিয়নের কৃষক আব্দুল মালেক বলেন, “মুড়িকাটা পেঁয়াজ বাজারে সবার আগে ওঠে। তাই এ পেঁয়াজের দাম কিছুটা ভালো পাওয়ার সম্ভাবনা থাকে। সেই আশায় ঝুঁকি নিয়েই জমিতে নেমেছি। তবে সার, বীজ ও শ্রমিকের মজুরি যেভাবে বাড়ছে, তাতে সরকারি কৃষি প্রণোদনা ও নিয়মিত তদারকি না বাড়ালে কৃষকদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।”

উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার জানান, পুঠিয়া অঞ্চলের মাটির গুণাগুণ ও অনুকূল আবহাওয়ার কারণে এখানে পেঁয়াজের ভালো ফলন হয়। চলতি বছর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৬৪৪ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের চাষ হচ্ছে। পেঁয়াজের রোগবালাই ব্যবস্থাপনা ও চাষাবাদে প্রয়োজনীয় পরামর্শ দিতে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের জমি পরিদর্শন করছেন।

কৃষকদের ভাষ্য, পেঁয়াজ চাষ তাঁদের দীর্ঘদিনের ঐতিহ্য ও জীবিকার অন্যতম উৎস। বাজারে ন্যায্যমূল্য না পাওয়ার হতাশা থাকলেও আগাম ফসলের আশায় তাঁরা চাষাবাদ চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, উৎপাদন খরচ বিবেচনায় পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণ ও সরকারি প্রণোদনা বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে হবে।