পদ্মার পাঙাশ-বোয়াল দেখতে হাঙরের মতো, সত্যিই কি তারা আত্মীয়?
পদ্মার গভীর জলে দাপিয়ে বেড়ায় পাঙাশ আর বোয়াল। বিশাল মুখ, চওড়া মাথা আর শিকারি স্বভাবের কারণে মাছ দুটির চেহারায় অনেক সময় হাঙরের ছাপ খুঁজে পাওয়া যায়। বিশেষ করে বড় আকৃতির পাঙাশ কিংবা বোয়াল দেখলে মনে হতে পারে, যেন মিঠাপানির কোনো ছোটখাটো হাঙর সাঁতরে বেড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, দেখতে এতটা মিল থাকলেও হাঙরের সঙ্গে কি সত্যিই তাদের কোনো আত্মীয়তা রয়েছে?
কবি আবু সালেহ তাঁর কবিতায় লিখেছেন—
‘পদ্মার পাঙাশ
চোখ কেন রাঙাস?’
কবিতার এই পঙ্ক্তি যেন চোখের সামনে ভাসিয়ে তোলে পদ্মার এক দাপুটে পাঙাশের ছবি। নদীর গভীরে নিজের মতো বিচরণ করছে, আর তার দিকে তাকালেই মনে হচ্ছে চোখ রাঙাচ্ছে। পাঙাশের মতো বোয়াল মাছও বেশ দাপুটে। কবি আল মাহমুদের ‘নোলক’ কবিতায়ও উঠে এসেছে বোয়ালের প্রসঙ্গ—
‘নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে?
-হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে!’

বোয়াল ও পাঙাশ—দুটিই স্বাদুপানির পরিচিত মাছ। এদের বড় মুখ, শক্তিশালী চোয়াল এবং শিকার ধরার প্রবণতা চেহারায় এনে দেয় এক ধরনের ভয়ংকর বৈশিষ্ট্য। এ কারণেই অনেকের কাছে মাছ দুটিকে হাঙরের মতো মনে হয়।
তবে চেহারার এই মিল দেখে আত্মীয়তার সম্পর্ক নির্ধারণ করা ঠিক হবে না। বাস্তবে বোয়াল ও পাঙাশ ক্যাটফিশ বা শিংযুক্ত মাছের বর্গভুক্ত। অর্থাৎ প্রাণিবৈজ্ঞানিক শ্রেণিবিন্যাসে তারা একই বৃহত্তর বর্গের সদস্য। অন্যদিকে হাঙর সম্পূর্ণ ভিন্ন গোষ্ঠীর মাছ। হাঙরের কঙ্কাল মূলত তরুণাস্থি দিয়ে তৈরি, আর বোয়াল ও পাঙাশের কঙ্কাল অস্থি দিয়ে গঠিত।
তাই বোয়াল কিংবা পাঙাশকে দেখতে হাঙরের মতো মনে হলেও তাদের সঙ্গে হাঙরের ঘনিষ্ঠ আত্মীয়তা নেই। বরং বোয়াল ও পাঙাশের মধ্যে রয়েছে শ্রেণিবিন্যাসগত আত্মীয়তা।
সব মিলিয়ে, পদ্মার পাঙাশ কিংবা বোয়ালের দাপুটে চেহারা হাঙরের কথা মনে করিয়ে দিলেও প্রকৃতির বিচারে তারা আলাদা বৈশিষ্ট্যের মাছ। দেখতে মিল থাকলেও তাদের গঠন, বংশপরিচয় ও বিবর্তনের ইতিহাস বলছে ভিন্ন গল্প।