বিগত স্বৈরাচারের আমলে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে এমন এক সংকটের মুখে ঠেলে দেওয়া হয়েছিল, যাতে সাধারণ মানুষ দেশের বাইরে কোনো বিশেষ দেশে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য হন—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচেতনভাবেই এ দেশের স্বাস্থ্যব্যবস্থাকে উন্নত হতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনটিতে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে বেডের অভাবে প্রতিদিন প্রায় ৪০ লাখ মানুষকে মেঝে ও বারান্দায় শুয়ে চিকিৎসা নিতে হয়, যা অত্যন্ত কষ্টদায়ক। বর্তমান সরকারের ভঙ্গুর অর্থনীতি ও সংকটকালীন পরিস্থিতির মধ্যেও গত কয়েক মাসে স্বাস্থ্যসেবায় নতুন করে প্রায় ৩ হাজার ৫০০ বেড যুক্ত করা হয়েছে।

পাশাপাশি দেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নত করতে বিদ্যমান ৫০ শয্যার প্রতিটি হাসপাতালকে আগামী পাঁচ বছরের মধ্যে ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। খুব শিগগিরই এর প্রথম ধাপের টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি।