যমুনা নদীবেষ্টিত বেড়া উপজেলার  বিস্তীর্ণ চরাঞ্চল কৃষিবিপ্লবের বিশাল সম্ভাবনা ক্ষেত্র হিসেবে উন্মোচিত হয়েছে। কয়েকবছর পূর্বে যেসকল চরাঞ্চল (চর-প্যাচাকোলা,চর-নাগদা,চর সাফুল্লা,ব্যঙ্গালিয়া,বিজয় নগর ও কল্যাণপুর) ছিল ধুধু বালুচর, সময়ের পরিবর্তনে চরগুলো এখন কৃষি বিপ্লবের অপার সম্ভাবনা।

 উল্লেখিত চরাঞ্চলের কৃষকদের নিরলস পরিশ্রম, উপজেলা কৃষি বিভাগের আন্তরিক তৎপরতা (যোগাযোগ, পরামর্শ ও প্রণোদনা প্রদান) ও কৃষি বান্ধব আবহাওয়ার সর্বোত্তম ব্যবহারকে কৃষি বিপ্লবের চালিকাশক্তি হিসেবে দেখছেন কৃষি সংশ্লিষ্ট'রা। 

চরাঞ্চলের জমির উর্বরতা শক্তি ও আবহাওয়া কৃষি ফসল উৎপাদনের উপযোগী হওয়ায় শসা,ক্ষিরা,টমেটো,বেগুন,মাশকালাই, পেঁয়াজ, ধান, গম, শরিষা, পটল, করলা সহ সবধরণের ফসলে ব্যাপক ফলন হয়ে থাকে।তবে কিছু কিছু চরাঞ্চলের দ্বায়িত্বপ্রাপ্ত (ইউনিয়ন ভিত্তিক) উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের অবহেলা, উদাসীনতা ও যোগাযোগের ঘাটতির কারণে ব্যাহত হচ্ছে কৃষকের কাঙ্খিত ফসল উৎপাদন। 

যমুনা নদী বেষ্টিত বেড়া উপজেলার বিস্তৃত এই চরাঞ্চলকে জাতীয় খাদ্য ভান্ডার হিসেবে প্রতিষ্ঠা করতে বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  নুসরাত কবির ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক'র নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করেন কৃষি সংশ্লিষ্ট'রা।

একইসাথে  সম্প্রতি বেড়া  উপজেলাধীন হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের অন্তর্গত প্যাচাকোলা ও চক-নয়নপুর মৌজায় বাণিজ্যিক ভাবে প্রায় ৩৫০ বিঘা জমিতে শসা চাষ বিষয়ে সাংবাদিকদের দেওয়া  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবিরের বক্তব্য (প্রদত্ত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত কবির বলেন,আপনাদের -সাংবাদিকদের মাধ্যমে বৃহৎ পরিসরে শসা আবাদের কথা জানতে পারলাম) নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন তারা। 

কৃষি সংশ্লিষ্ট এসকল ব্যক্তিবর্গের অভিমত উপজেলার প্রতিটি ইউনিয়নের মত হাটুরিয়া -নাকালিয়া ইউনিয়নেও  দুইজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রয়েছে।সেই ইউনিয়নের একটি চরে বাণিজ্যিক ভাবে আনুমানিক  ৩৫০ বিঘা জমিতে শসা উৎপাদিত হলেও উপজেলা কৃষি কর্মকর্তা অবগত নয়।

এটা দ্বায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দ্বায়িত্বের প্রতি অবহেলা, চরাঞ্চলের কৃষকদের প্রতি উদাসীনতা ও উপজেলা কৃষি কর্মকর্তার তদারকির ঘাটতি বলে মনে করেন তারা।

এছাড়াও নতুন ভারেঙ্গা ইউনিয়নের দ্বায়িত্বপ্রাপ্ত উপ সহকারী কৃষি কর্মকর্তাদ্বয়ের বিরুদ্ধে চরাঞ্চলের কৃষকদের সাথে যোগযোগ না করার অভিযোগ তুলেছেন চর সাফুল্লা,শ্রীকন্ঠদিয়া ও আগবাগশোয়া এলাকার কৃষক। তবে কৃষকদের সাথে নিয়মিত যোগাযোগ, কৃষিজমি পরিদর্শন, কৃষকদের নিয়মিত পরামর্শ প্রদান ও সার-বীজের সঠিক বন্টন নিশ্চিত করায় কৈটলা ইউনিয়নের দ্বায়িত্বরত উপ সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেনের প্রশংসা করেন  বিজয়নগর ও ব্যঙ্গালিয়া চরাঞ্চলের কৃষক।

হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নাধীন চর-সারাশিয়া এলাকার কৃষক আইয়্যুব আলী প্রামাণিক (৫৬) বলেন, ২০ বিঘা জমিতে আমি নিয়মিত চাষাবাদ করি।তবে দীর্ঘদিন কৃষি পেশার সাথে জড়িত থাকলেও কখনো সরকারি কোন প্রণোদনা ও পরামর্শমূলক সহযোগিতা পাইনি।

নতুন ভারেঙ্গা ইউনিয়নের অন্তর্গত চর সাফুল্লার কৃষক রেজাউল মোল্লা রেজোয়ান (৪৩) বলেন, চরে আমাদের ৪০০ বিঘা আবাদি জমি। অথচ কখনো কোন কৃষি কর্মকর্তা যোগাযোগ করে না।কৃষি অফিসের সহযোগিতা পেলে আমাদের চরে উৎপাদিত খাদ্যপণ্য স্থানীয় চাহিদা পূরন করে বাহিরে সরবরাহ করা সম্ভব। 

ব্যঙ্গালিয়া চরের কৃষক মিঠু মোল্লা বলেন, আমাদের ইউনিয়নে দ্বায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার সাহেবের পরামর্শ, তদারকি ও সহযোগিতায় আমাদের চরে সকল ফসলের ভালো ফলন হচ্ছে।এখানে উৎপাদিত পণ্য স্থানীয় চাহিদা পূরণ করে আমরা নাকালিয়া ও বেড়া হাঁটে বিক্রয় করছি।

বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবির বলেন, আমাদের উপজেলাতে উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রয়োজনের তুলনায় কম। এছাড়া কৃষি কার্ডের জরিপের কারণে চরাঞ্চলের কৃষকদের সাথে যোগাযোগের কিছুটা ঘাটতি হয়েছে। আমি এবিষয়ে অতিদ্রুত ব্যবস্থা গ্রহন করবো।

কৃষি সম্প্রাসারন অধিদপ্তর পাবনার উপ-পরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, চরাঞ্চলের কৃষির বিস্তারে আমরা বদ্ধপরিকর। অতিদ্রুত অভিযুক্ত উপ সহকারী কৃষি কর্মকর্তাদের সরিয়ে নতুন ও কর্মঠ কৃষি কর্মকর্তা পদায়ন করা হবে।