শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, কারণ ভারত তাঁর প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা। নিজের দেশকে তিনি নিরাপদ মনে করেন না বলেই ভারতে আশ্রয় নিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার ( ১৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা নিজের দেশকে নিরাপত্তার জায়গা মনে করেন না। যে দেশের মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে, সেই দেশের সাবেক প্রধানমন্ত্রী এখন অন্য একটি দেশে অবস্থান করছেন। ভারত তাঁর কাছে প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা হয়ে উঠেছে।
তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনায় নতুন করে উজ্জীবিত হওয়ার প্রেরণা জোগায়। দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের গুরুত্ব অপরিসীম।
আলোচনা সভায় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, রাজনৈতিক অধিকার এবং জনগণের প্রত্যাশা নিয়ে বক্তব্য দেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি তোহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. মোফাখখারুল ইসলাম, রামেক শিক্ষক সমিতির ও জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আমরি মীম, সঞ্চালন করেন সাধারণ সম্পাদক মো. রিমন আলী।
সভায় আরো বক্তব্য দেন মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল,মহানগর ছাত্রদলের সভাপতি রাকিন রাইহান রবীন। আলোচনা সভায় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান নিয়ে আলোচনা করেন।