যাত্রা ও সার্কাসের মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজন পুনরুজ্জীবিত করতে চায় সরকার। তবে এসব আয়োজনের নামে অশ্লীলতা, জুয়া, মাদক কিংবা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ড চললে সংশ্লিষ্ট দলকে ভবিষ্যতে আর অনুমতি দেওয়া হবে না। প্রয়োজনে তাদের নিষিদ্ধও করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
যাত্রা ও সার্কাসের নামে অশ্লীল নৃত্য, জুয়া ও হাউজির মতো আয়োজনের অভিযোগ এবং এসব সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাত্রা ও সার্কাস পুনরুজ্জীবিত করতে গিয়ে সরকারকে দুটি বিষয় বিবেচনায় নিতে হচ্ছে। এর একটি হলো, এসব আয়োজনের সঙ্গে এক ধরনের অশ্লীলতা জড়িয়ে পড়েছে।
অন্যদিকে এর সঙ্গে জুয়া ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড যুক্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের আইনে জুয়া নিষিদ্ধ।
অনলাইনসহ যেকোনো জায়গায় জুয়া খেলাই অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ড। যাত্রা ও সার্কাসের সঙ্গে এ ধরনের বিষয় যুক্ত হলে তরুণদের বিপথে যাওয়ার আশঙ্কা আরও বাড়বে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যাত্রা ও সার্কাসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সরকার একাধিক বৈঠক করেছে। এসব বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের স্পষ্টভাবে জানানো হয়েছে, সুস্থ ও শালীনভাবে যাত্রা-সার্কাস পরিচালনা করা গেলেই কেবল এসব আয়োজনের অনুমতি দেওয়া হবে। অশ্লীলতা ও অবৈধ কর্মকাণ্ড বাদ দিয়ে এসব আয়োজন করে লাভ করা সম্ভব কি না, তা-ও জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, অনৈতিক কর্মকাণ্ড ছাড়াও যাত্রা ও সার্কাস পরিচালনা করে লাভ করা সম্ভব।
জাহেদ উর রহমান আরও বলেন, এ বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা পাঠানো হয়েছে। কোনো যাত্রা বা সার্কাসের আয়োজনে নির্দেশনা লঙ্ঘন করে অশ্লীলতা, মাদক কিংবা জুয়ার মতো অবৈধ কর্মকাণ্ড পাওয়া গেলে সংশ্লিষ্ট দলকে ভবিষ্যতে আর বিবেচনা করা হবে না। প্রয়োজনে তাদের নিষিদ্ধ করা হবে।
তৌহিদী জনতার নামে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার বিষয়ে তিনি বলেন, প্রকৃত তৌহিদী জনতা এ ধরনের হাঙ্গামা বা বাধা সৃষ্টির কাজে জড়িত হতে পারে না। কারও কোনো বক্তব্য বা আপত্তি থাকতে পারে। তবে যেখানে অন্যায় কিছু ঘটছে না এবং সরকারও কোনো অন্যায় দেখছে না, সেখানে আয়োজন বন্ধ করতে দেওয়া হবে না।
তিনি বলেন, যাত্রা ও সার্কাস বাংলাদেশের সংস্কৃতির অংশ। তাই এসব আয়োজন চালু রাখতে সরকার উদ্যোগ নেবে। বিভিন্ন নাম ব্যবহার করে যারা এসব আয়োজনে বাধা দিতে আসবে, সরকার তাদের প্রতিহত করবে।