সুষ্ঠুধারার রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত হওয়ার আগেই নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিচ্ছন্নতা রক্ষা, বৃক্ষরোপণ এবং পশুপাখির প্রতি সদয় আচরণ করার জন্য শিক্ষার্থীদের তিনটি বিশেষ পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবন পরিদর্শনকালে সংসদ অধিবেশনের বিরতিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের নতুন প্রজন্ম ক্রমান্বয়ে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে।

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের জন্য তিনটি সুনির্দিষ্ট পরামর্শ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রথমত, নিজেদের শহর, ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস করতে হবে।

দ্বিতীয়ত, প্রতি বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। আর তৃতীয়ত, পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সবসময় সদয় ও মানবিক আচরণ করতে হবে।’

এ দিন জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী এবং তাদের ৬ জন শিক্ষক ও অভিভাবক।

এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক প্রতিনিধিদলও এই পরিদর্শনে অংশ নেন।

সংসদ ভবনে পৌঁছানোর পর শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের ইতিহাস ও সার্বিক কার্যক্রমের ওপর আয়োজিত সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরবর্তীতে তারা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদ গ্যালারিতে বসে সরাসরি অধিবেশন প্রত্যক্ষ করেন। সৌজন্য সাক্ষাৎ ও ব্রিফিং শেষে সংসদ ভবনের উত্তর প্লাজায় একটি ফটোসেশনে অংশ নেন তারা।