রাজশাহীতে শীতের আগমনের সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে আখের রসের চাহিদা। গরমের সময় তৃষ্ণা মেটাতে আখের রসে ক্রেতাদের ভিড় থাকলেও শীত নামতেই কমেছে বিক্রি। এতে মৌসুমি এই ব্যবসার সঙ্গে জড়িত বিক্রেতারা পড়েছেন বিপাকে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আখের রস বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন প্রায় দুই শতাধিক মানুষ। বছরের একটি বড় সময় এই ব্যবসার ওপর নির্ভর করেই চলে তাঁদের সংসার। তবে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রেতা কমে যাওয়ায় আয়েও পড়েছে বড় ধরনের প্রভাব।

আখের রস বিক্রেতা রাসেল দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে জড়িত। তিনি জানান, গরমের সময় মানুষের পানির চাহিদা বেশি থাকায় আখের রসের চাহিদাও বেড়ে যায়। তখন সকাল থেকে রাত পর্যন্ত ভালো বিক্রি হয়। প্রতিদিন পাঁচ থেকে আট হাজার টাকার আখের রস বিক্রি করতে পারেন তিনি। কিন্তু শীতের আগমনে ক্রেতা কমে যাওয়ায় ব্যবসায় ধস নেমেছে। এখন প্রতিদিন দেড় হাজার টাকার রস বিক্রি করতেও হিমশিম খেতে হচ্ছে।
তিনি বলেন, গরমের সময় ব্যবসা ভালো থাকলেও শীত এলেই বিক্রি অনেক কমে যায়। অথচ দোকান পরিচালনা, আখ কেনা ও পরিবারের খরচ তো থেমে থাকে না।
বিক্রেতাদের মতে, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে আখের রসের চাহিদা কমে যাওয়ায় তাঁদের আয়-রোজগারে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। ফলে শীত মৌসুমে সংসার চালানোও কঠিন হয়ে পড়ছে অনেকের।