শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম-খুন ও রক্তাক্ত পথ ধরে আওয়ামী চক্রকে বাংলাদেশের জনগণ আর ফিরতে দেবে না। পেছনের দরজা দিয়ে এবং পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টির যে অপচেষ্টা চালানো হচ্ছে, এ দেশের মানুষ তা কখনোই সফল হতে দেবে না।
সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে অংশ নেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিগত শাসনামলের সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, পলাতক ফ্যাসিস্টরা ১৭ বছর জুলুম-অত্যাচার করেছে। তারা আবার পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে ক্ষমতায় এসে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ পাচার করে সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে সুখের স্বর্গ গড়তে চায়।
কিন্তু তাদের সেই সুখের স্বর্গ আর কোনো দিন হবে না। যেকোনো সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সারা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম—প্রত্যেকেই রাজপথের পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। বিগত ১৭ বছর তারা নিজের জীবন বাজি রেখে আন্দোলন করেছেন। তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে এবং মাসের পর মাস কারাবরণ করতে হয়েছে, তবুও আদর্শ ও নীতি থেকে তাদের সরানো যায়নি।