বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের পাশাপাশি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবে। তবে এসব কর্মসূচি কোনো দলের পাল্টা কর্মসূচি কিংবা সতর্ক পাহারার অংশ হবে না বলে স্পষ্ট করেছে দলটির শীর্ষ নেতৃত্ব।
রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে বিএনপি ও তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ডিসেম্বরজুড়ে দল ও অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়েছে। এর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৈঠকে তারেক রহমান দল ও অঙ্গসংগঠনগুলোকে নিজস্ব উদ্যোগে কর্মসূচি প্রণয়নের নির্দেশনা দেন। একই সঙ্গে কোনো পক্ষের কর্মসূচির পাল্টা কর্মসূচি কিংবা পাড়া-মহল্লায় সতর্ক পাহারার মতো উদ্যোগ না নেওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান জানান তিনি।
এদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তৎপরতার মধ্যে বিএনপির এ কর্মসূচির সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বৈঠকে গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন নেতা উদ্বেগ প্রকাশ করেন। জবাবে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে বলে জানান তারেক রহমান।
বৈঠক প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে বিএনপি সাধারণত যেসব কর্মসূচি পালন করে, এবারও তেমন কর্মসূচি থাকবে।
বৈঠকে বিএনপির পাঁচ যুগ্ম মহাসচিবসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।