চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ আসামির আনুষ্ঠানিক বিচার ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। অভিযোগ গঠনের সাড়ে চার মাস পর এই বিচারিক কার্যক্রম শুরু হলো।
রবিবার (১৫ নভেম্বর) ট্রাইব্যুনাল-২-এর বিচারক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে বিচার কার্যক্রমের সূচনা হয়। এরপর মামলার প্রথম সাক্ষী হিসেবে চট্টগ্রামের জুলাই যোদ্ধা আনিছ আহমেদ তাঁর সাক্ষ্য প্রদান শুরু করেন।
এর আগে গত ৩০ জুন আদালত এই ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। তবে আসামিপক্ষের বিভিন্ন আইনি আবেদনের কারণে এতদিন সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ পেছানো হয়।
রোববার সকালেই মামলার কারাবন্দি পাঁচ আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাজির হওয়া আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান ও তৌহিদুল ইসলামসহ পাঁচজন। অন্যদিকে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সিটি মেয়র আ জ ম নাসির উদ্দীনসহ ১৭ জন আসামি এখনো পলাতক রয়েছেন।