রাজশাহীতে কৃমি সংক্রমণ প্রতিরোধে দুই দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)। দেশব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে ১৫ ও ১৬ নভেম্বর এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম পূর্বপাড়ায় কৃষি ক্লাবসংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নারী, শিশু ও কিশোর-কিশোরীরা অংশ নেয়।
ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএমসি এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক ও সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী এবং এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান।
কর্মসূচির আওতায় এসএমসির স্টার নেটওয়ার্কের প্রায় ২২ হাজার ব্লু-স্টার, গ্রিন-স্টার ও গোল্ড-স্টার সেবাদানকারী, ফিল্ড টিম এবং অন্যান্য সেবাদানকারীরা দেশব্যাপী কৃমি সংক্রমণ ও প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টি করছেন। পাশাপাশি কৃমিনাশক ট্যাবলেট ‘ভারমিসিড’ (Albendazole 400 mg) সেবনের প্রয়োজনীয়তা সম্পর্কে পরামর্শ দেওয়ার পাশাপাশি উপস্থিত নারী, শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে ট্যাবলেট বিতরণ করা হয়।
এ ছাড়া কৃমিমুক্ত সুস্থ পরিবার নিশ্চিত করতে ছয় মাস পরপর কৃমিনাশক ওষুধ সেবনের বিষয়ে পরিবারগুলোকে সচেতন করা হচ্ছে।
অনুষ্ঠানে সিদ্দিকুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশে কৃমি সংক্রমণ প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয় পর্যায়ে কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচির ফলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। এ অগ্রগতি ধরে রাখতে নিয়মিত কৃমিনাশক ওষুধ সেবন, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অব্যাহত রাখতে হবে।
তিনি আরও বলেন, এসএমসি তার বিস্তৃত স্টার নেটওয়ার্কের মাধ্যমে সরকারি উদ্যোগের পরিপূরক হিসেবে কৃমি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অন্যদিকে, এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান বলেন, বাংলাদেশে কৃমি সংক্রমণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি উদ্যোগের ফলে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে এখনো বিপুলসংখ্যক মানুষের মধ্যে কৃমি সংক্রমণের ঝুঁকি রয়েছে। বিশেষ করে শিশুদের পুষ্টি, শারীরিক বৃদ্ধি ও স্বাভাবিক বিকাশে কৃমি সংক্রমণ নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তিনি বলেন, কৃমি সংক্রমণ প্রতিরোধে নিয়মিত কৃমিনাশক ওষুধ সেবনের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই এসএমসি দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসএমসির প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও মাঠপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাদেশ
রাজশাহীতে কৃমি প্রতিরোধে এসএমসির দুই দিনব্যাপী ক্যাম্পেইন