চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ও ঐতিহ্য শীর্ষক আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষের চারা বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়।

১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে আয়োজিত এ কর্মসূচিতে সাবেক ছাত্রদল নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পাশাপাশি দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা তুলে দিয়ে তাদের উৎসাহিত করা হয়।

সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে শিবগঞ্জের বিভিন্ন সড়কে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব প্রফেসর ড. এম. গোলাম আরিফ, উপদেষ্টা সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আবুল বাশার সোলায়মান স্বপন, মাসুদ রানা, জারজিস আলম, জাহিদুল ইসলাম জাহিদ, মশিউর রহমান বকুল, খাদিমুল ইসলাম ও শহিদ মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতারা। এ ছাড়া চককীর্তি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সারোয়ার এ আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জে বিএনপিকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে হবে। দলের ভেতরের অনৈক্য, বিভেদ ও নেতৃত্বের সংকট দূর করে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে সংগঠনকে নতুনভাবে সাজাতে হবে। বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, অতীতে জেলায় বিএনপির অভ্যন্তরীণ অনৈক্যের কারণে তিনটি সংসদীয় আসনেই দলীয় প্রার্থীরা প্রত্যাশিত ফল অর্জন করতে পারেননি। তাই আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে একক প্রার্থী নির্ধারণের মাধ্যমে দলকে বিজয়ী করার প্রস্তুতি নিতে হবে। দলকে চামচামি ও দালালমুক্ত করে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।

রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি পরিবেশ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ওপরও গুরুত্ব দেন বক্তারা। তাঁরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ এবং কৃষি ও জনজীবনের স্বার্থে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা প্রয়োজন। রাজনীতিকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

আলোচনা সভা শেষে দুপুরে অংশগ্রহণকারীদের আপ্যায়ন করা হয়। পরে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা তুলে দেন সংগঠনের নেতারা। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।

দিনের কর্মসূচির শেষপর্বে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। পরে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গানের পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

আয়োজকরা জানান, ১৯৮৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত প্রায় ৪০০ সাবেক নেতাকর্মীকে নিয়ে গঠিত সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংগঠনিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে কাজ করা, খাল খনন, বৃক্ষরোপণ, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সংগঠনটি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে দল ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।