বাংলাদেশ-ভারত সীমান্তের নো ম্যানস ল্যান্ড বা শূন্যরেখায় খোলা আকাশের নিচে খড়কুটোর ওপর একটি পাতলা কম্বল বিছিয়ে অবস্থান করছেন এক নারী। সীমান্তের দুই পাশে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের বিএসএফ।
গত পাঁচদিন ধরে এভাবেই মানবেতর জীবন কাটছে তার। তবে ওই নারী বাংলাদেশের নাকি ভারতের নাগরিক, তা নিশ্চিত না হওয়ায় তাকে নিজ ভূখণ্ডে প্রবেশ করতে রাজি হচ্ছে না কোনো দেশই। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ঘটনাটি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের। গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে ওই নারী সীমান্তের শূন্যরেখায় আটকে রয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা পোস্ট ও প্রতিক্রিয়া দেখা গেছে।
বিজিবির অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জোর করে ওই নারীকে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করেছিল। তবে স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধার কারণে তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। এরপর থেকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অবস্থানের মাঝখানে শূন্যরেখায় আটকে রয়েছেন তিনি।
ঘটনার পাঁচ দিন পার হলেও কোনো সমাধান মেলেনি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ চললেও শনিবার (১৪ নভেম্বর) বিকেল পর্যন্ত কেউই নিজেদের অবস্থান থেকে সরে আসেনি।
পাঁচ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করলেও ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি বাংলাদেশের নাগরিক নাকি ভারতের, তা নিয়ে পরস্পরবিরোধী অবস্থান বিজিবি ও বিএসএফের। ফলে কোনো পক্ষই তাকে নিজেদের ভূখণ্ডে প্রবেশ করতে দিচ্ছে না।
স্থানীয় বাসিন্দাদের বরাতে বিবিসি জানিয়েছে, ঘটনার প্রথম কয়েক দিন তাকে ভাত, বিস্কুট ও পাউরুটির মতো খাবার পৌঁছে দেন আশপাশের লোকজন। তবে শুক্রবার থেকে সেটিও বন্ধ হয়ে গেছে। ফলে খোলা আকাশের নিচে রোদ ও ঠান্ডার মধ্যে চরম দুর্ভোগে পড়েছেন ওই নারী।
সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে স্থানীয় কয়েকজন সাংবাদিক তার সঙ্গে কথা বলেছিলেন। তাদের একজন জামালপুরের সাংবাদিক জি এম ফাতিউল হাফিজ বাবু জানান, ওই নারী নিজের পরিচয় ও ঠিকানা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারছেন না।
তিনি জানান, ওই নারী নিজের নাম বলেছেন ফুজি বেগম, বাবার নাম হানিফ এবং বয়স আনুমানিক ৩০ বছর। কখনো নিজের বাড়ি পিরোজপুর, কখনো ঝালকাঠি, আবার কখনো বরিশাল বলে উল্লেখ করেছেন।
ফাতিউল হাফিজ বাবুর ভাষ্য, ওই নারীর কথাবার্তায় অসংগতি রয়েছে। তার আচরণ দেখেও স্বাভাবিক মনে হয়নি। তিনি বলেন, একদিকে বিএসএফ তাকে যেতে দিচ্ছে না, অন্যদিকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবিও বাধা দিচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রথম কয়েক দিন তাকে খাবার দেওয়া সম্ভব হলেও শুক্রবার আর কাছে যাওয়া যায়নি। অনেক মানুষ ওই নারীকে দেখতে সীমান্তে আসছেন। কিন্তু আগের মতো কাছে যাওয়ার সুযোগ না থাকায় খাবারও পৌঁছে দেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় সাংবাদিক ফরহাদ রেজা জানান, বিজিবির সঙ্গে কথা বলে কয়েক দিন ওই নারীকে শুকনো খাবার ও পানির বোতল পৌঁছে দেয়া হয়েছিল। কিন্তু শুক্রবার বিএসএফ তাতেও আপত্তি জানায়। সাংবাদিকদেরও কাছাকাছি গিয়ে ছবি বা ভিডিও ধারণ করতে দেয়া হয়নি।
ওই নারীর নাগরিকত্ব ও পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তাদের দাবি, তিনি এখন পর্যন্ত নিজের কোনো সুনির্দিষ্ট ঠিকানা দিতে পারেননি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ওই নারী অসম্পূর্ণ কিছু তথ্য দিচ্ছেন। তার কাছ থেকে সুনির্দিষ্ট ঠিকানা পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা চালিয়ে যাওয়াও কঠিন হচ্ছে।
তিনি জানান, বিএসএফ ও বিজিবি উভয় বাহিনীর সদস্যরাই সীমান্তে অবস্থান করছেন। ওই নারী এখনো আগের জায়গাতেই বসে আছেন। পরিস্থিতির কোনো সমাধান হয়নি।
ওই নারীকে ভারত থেকে জোর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজিবি। লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিএসএফ দাবি করছে ওই নারী বাংলাদেশের নাগরিক।
অন্যদিকে বিজিবির বক্তব্য, তাকে ভারত থেকে পুশইন করার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে বিজিবির কাছে প্রমাণও রয়েছে। তবে বিএসএফ তাদের বিরুদ্ধে ওঠা এ অভিযোগ স্বীকার করতে চাইছে না।
বিজিবির এই অধিনায়ক আরও জানান, বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে। কর্তৃপক্ষ পর্যায়েও আলোচনা চলছে। বিএসএফকে ওই নারীকে ফিরিয়ে নেয়ার বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।
তবে এ ঘটনায় দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক পতাকা বৈঠক হবে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। ফলে ওই নারীকে শূন্যরেখা থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, ওই নারীকে নিয়ে এখনো কোন সমাধান হয়নি। যতক্ষণ পর্যন্ত ওই নারী শূন্যরেখায় থাকবে বিজিবি তাদের নজরদারি রাখবে। আমরা বিএসএফ বাহিনীর সীমান্তে তৎপর রোধে আমরা কঠোর অবস্থানে থাকবে।
বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইনের অভিযোগ নতুন নয়। চলতি বছরের জুন মাসেও কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইনের শিকার হওয়া দুই শিশুসহ একটি পরিবারের চার সদস্যকে ৯৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছিল।
এ ছাড়া জামালপুরের কামালপুর সীমান্ত দিয়ে ষষ্ঠী চন্দ্র বর্মন এবং একই জেলার ঝাওডাংগা সীমান্ত দিয়ে এক যুবককে পুশইনের অভিযোগও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এরপর থেকে সীমান্তে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে একাধিকবার উত্তেজনা তৈরি হয়েছে।
বিশেষ করে অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের অভিযোগ নিয়ে প্রায়ই মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বিজিবি ও বিএসএফ। বাংলাদেশ বিভিন্ন সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকদের জোর করে দেশে পাঠানোর অভিযোগ তুলেছে।
তবে বিএসএফ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। বিষয়টি বাংলাদেশের জাতীয় সংসদেও একাধিকবার আলোচনায় এসেছে। বিরোধী দলের প্রশ্নের মুখেও পড়েছে সরকার।
সম্প্রতি জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকারের নির্দেশনায় সীমান্তরক্ষী বাহিনীর কঠোর অবস্থানের কারণে আগের তুলনায় পুশইনের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে।
তিনি জানান, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভারত থেকে মোট ২ হাজার ৪৮২ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছিল। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে চলতি বছরের ৮ নভেম্বর পর্যন্ত পুশইনের শিকার হয়েছেন ৩৭ জন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পর বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকায় পুশইনের চেষ্টা বেড়েছিল। তবে বাংলাদেশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে এসব পরিস্থিতি মোকাবিলা করেছে। এ ছাড়া বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যার ঘটনাও কমেছে বলে দাবি করেন তিনি।
তবে পাথরের চর সীমান্তে চার দিন ধরে আটকে থাকা এই নারীর পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে নিয়ে দুই দেশের বিরোধের অবসান হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।