কৃষকদের উৎপাদিত পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বাড়াতে রাজশাহীর মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন, নগদ অর্থ ও বিনামূল্যে বীজ-সার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে উপকরণ তুলে দেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

২০২৫-২৬ অর্থবছরের আওতায় উপজেলার কৃষকদের মধ্যে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি মেশিন স্থাপনের ঘর নির্মাণে প্রত্যেক কৃষককে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া চলতি ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, মসুর, খেসারি ও অড়হর ডালের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, ‘কৃষক বাঁচলে, বাঁচবে দেশ।’ বর্তমান সরকার কৃষির উন্নয়ন ও কৃষকের ভাগ্যোন্নয়নে বিভিন্ন প্রণোদনা ও সহায়তা দিয়ে যাচ্ছে। এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে কৃষকরা পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। এতে পচন কমবে, কৃষক ন্যায্য দাম পাবেন এবং পেঁয়াজ আমদানির ওপর নির্ভরতা কমবে।

এদিন সার সরবরাহ স্বাভাবিক রাখতে সার ডিলার ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গেও মতবিনিময় করেন সংসদ সদস্য। তিনি বলেন, সারের কোনো ঘাটতি নেই। সার নিয়ে কোনো ধরনের কারসাজি বরদাস্ত করা হবে না। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব-অর-রশিদ, কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা বাবলুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকরাও অংশ নেন।