রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে তিনজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, শাহমখদুম থানার ভোগরাইল গ্রামের সিরাজুল আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৮), বড়বনগ্রাম শেখপাড়া গ্রামের মো. মানিক খানের ছেলে মো. নিরব আহম্মেদ (২০) এবং রাজশাহীর তানোর থানার নোনাপুকুর গ্রামের মো. গুলবর আলীর ছেলে মো. শাকিরুর ইসলাম (২৮)।

পরে ভ্রাম্যমাণ আদালত জাহাঙ্গীর আলম ও নিরব আহম্মেদকে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন। অন্যদিকে শাকিরুর ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রাজশাহী মহানগরীকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে মাদকবিরোধী অভিযান এবং আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।