শিক্ষাপ্রতিষ্ঠানকে ফুলের বাগানের সঙ্গে তুলনা করে প্রশিক্ষক ড. শামসুদ্দিন শিশির বলেছেন, একটি ফুলের বাগান যেমন যত্ন ও পরিচর্যায় সুন্দর হয়ে ওঠে, তেমনি শিক্ষার্থীরাও শিক্ষকের সঠিক দিকনির্দেশনা, ভালোবাসা ও যত্নে যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠে। তাই শিক্ষার্থীদের সঙ্গে ভালো ব্যবহার, সহনশীলতা ও মানবিক আচরণ করতে হবে। তাদের ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা সিটি মডেল স্কুলে আয়োজিত ‘শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’-এ প্রশিক্ষক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
কর্মশালায় কোমলমতি শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের কীভাবে পাঠদান করতে হবে এবং তাদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটাতে হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ড. শামসুদ্দিন শিশির।
তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আবেগ ও আন্তরিকতার সম্পর্ক গড়ে তুলতে হবে। তাদের সঙ্গে রাগান্বিত হওয়া, ক্ষুব্ধ আচরণ করা, দুর্ব্যবহার করা কিংবা চরিত্র নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে শিক্ষকদের বিরত থাকতে হবে। বিশেষ করে দুর্বল শিক্ষার্থীদের প্রতি বাড়তি মনোযোগ দিতে হবে। সুন্দর ব্যবহার, ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে তাদের এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, একজন শিক্ষক যা শিখেছেন, তা শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজে লাগাতে হবে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষকদের আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। শিক্ষার্থীদের অবহেলা করার কোনো সুযোগ নেই। কারণ, একজন শিক্ষকের দায়িত্ব শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের সুন্দর চরিত্র ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাও তাঁর দায়িত্ব।
শিক্ষকের মর্যাদা ও অবদান তুলে ধরে ড. শামসুদ্দিন শিশির বলেন, ‘শিক্ষকের মৃত্যু নেই, শিক্ষক আমৃত্যু।’ একজন শিক্ষার্থী যতদিন বেঁচে থাকেন, ততদিন তাঁর জীবনে শিক্ষকের শিক্ষা ও অবদান বেঁচে থাকে। সমাজের বিভিন্ন জায়গায়—বাস, ট্রেন, লঞ্চ, বিমান, মসজিদ, মন্দির, হাটবাজার কিংবা পথে-ঘাটে—একজন শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন থাকে।
তিনি বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি আজীবনের দায়িত্ব ও সম্মানের বিষয়। তাই শিক্ষার্থীদের অবহেলা না করে ভালোবাসা, যত্ন, ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের গড়ে তুলতে হবে।
কর্মশালায় শিক্ষকতার দায়িত্ব, শিক্ষার্থীদের প্রতি আচরণ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।