ঝালকাঠিতে সার ও বীজের সরবরাহ, বিতরণ ও বাজার পরিস্থিতি নিয়ে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জেলার নবনিয়োগপ্রাপ্ত ৩৫ জন সার ডিলারের সঙ্গে চুক্তি সম্পাদন করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন, মৎস্য অধিদপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাসসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা এবং জেলার বিভিন্ন উপজেলার সার ডিলাররা।
সভায় জেলার সার ও বীজের বর্তমান মজুত, সরবরাহ ও বিতরণব্যবস্থা এবং বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকদের কাছে যাতে সময়মতো এবং ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে ডিলারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে জেলার নবনিয়োগপ্রাপ্ত ৩৫ জন সার ডিলারের সঙ্গে চুক্তি সম্পাদন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ৩৫ ডিলারসহ জেলায় বর্তমানে মোট সার ডিলারের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জন।
কৃষকদের সার ও বীজের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখতে জেলা সার ও বীজ মনিটরিং কমিটি নিয়মিতভাবে ডিলারদের কার্যক্রম তদারকি করে আসছে।