রাজশাহীর বাগমারায় হিংস্র শিয়ালের কামড়ে রোহান (৬) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। বর্তমানে শিশুটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে উপজেলার মাড়িয়া ইউনিয়নের তক্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোহানের বাবা-মা দুজনই ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। এ কারণে সে তক্তপাড়া গ্রামে তার নানা ভ্যানচালক রেফাজ উদ্দিনের বাড়িতে থাকে।

শিশুটির খালা রেসমা জানান, শনিবার ভোররাতে ধান সিদ্ধ করার জন্য তিনি ঘুম থেকে ওঠেন। এ সময় রোহানও ঘুম থেকে উঠে বাড়ির পাশে খেলাধুলা করছিল। হঠাৎ একটি শিয়াল তার ওপর আক্রমণ করে। শিয়ালটি শিশুটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে গুরুতর জখম করে।

রোহানের চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে বাঁশ দিয়ে শিয়ালটিকে আঘাত করলে সেটি পালিয়ে যায়।

পরে আহত শিশুটিকে উদ্ধার করে প্রথমে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।