পঞ্চগড়ের বোদা উপজেলায় থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় অনলাইন পোর্টাল ধারা নিউজের হেড অফিসের সিনিয়র রিপোর্টার আলী আসগর খোকনের স্ত্রী ও সাত বছর বয়সী কন্যা সন্তান সহ তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এঘটনায় আহত হয়েছেন থ্রি হুইলারের অপর ৫ যাত্রী। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এর আগে, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন, বোদা উপজেলা পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া এলাকার বাসিন্দা এবং অনলাইন পোর্টাল ধারা নিউজের হেড অফিসের সিনিয়র রিপোর্টার আলী আসগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্প নগরীর হিসাবরক্ষক মাহমুদা খানম, তার সাত বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি এবং সাকোয়া ইউনিয়নের খেলারাম গ্রামের কান্দুর স্ত্রী প্রমিলা রাণী (৩০)। এছাড়া আহতরা হলেন, উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬), তার মেয়ে স্বীকৃতি (৭), চন্দনবাড়ি ইউনিয়নের প্রামানিক পাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রী বোঝাই থ্রি হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকা থেকে বোদা উপজেলা শহরের দিকে আসছিল। এসময় কৈকিল্লা দীঘি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক থ্রি হুইলারটিকে ধাক্কা দেয়। এ সময় দুমড়ে মুচড়ে যায় থ্রিলারটি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সড়ক দুর্ঘটনায় মাথা, নাক ও মুখে আঘাত পেয়ে গুরুতর আহত হন অন্তত সবাই। পরে ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মাহমুদা ও তার মেয়ে আল আকসাকে পরে ঠাকুরগাঁও হাসপাতাল থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

এছাড়া প্রমিলা রাণী ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। 

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, শুক্রবার বিকেলে কৈকিল্লা দিঘী এলাকায় ট্রাকের চাপায় থ্রি হুইলারের তিনযাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ায় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে আমরা এবিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।