প্রবীণ ব্যক্তিদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে পঞ্চগড়ের বোদা পৌরসভায় চালু হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ ‘গুড মর্নিং’। নিয়মিত হাঁটা, ব্যায়াম ও শরীরচর্চার মাধ্যমে প্রবীণদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতে এ কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘গুড মর্নিং বোদা অ্যাসোসিয়েশন’।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় বোদা উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ এমপি।

উদ্যোক্তারা জানান, বোদা পৌর এলাকার প্রবীণ নারী-পুরুষদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে প্রতিদিন ভোরে উপজেলা পরিষদের পুকুরপাড়ের ওয়াকওয়েতে হাঁটা, ব্যায়াম ও বিভিন্ন ধরনের শরীরচর্চার ব্যবস্থা করা হয়েছে। নিয়মিত শরীরচর্চার মাধ্যমে প্রবীণদের রোগবালাইয়ের ঝুঁকি কমানো এবং সুস্থ জীবনযাপনে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রবীণদের অনেকেই নানা রোগে ভুগছেন। নিয়মিত ব্যায়াম ও শারীরিক চর্চার মাধ্যমে অনেক ক্ষেত্রে সুস্থ থাকা সম্ভব। প্রবীণদের সুস্থতার কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বোদা পৌরসভার প্রবীণ ব্যক্তিদের জন্য প্রতি সপ্তাহে তাঁর ব্যক্তিগত উদ্যোগে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্ত পরীক্ষা ও রক্তচাপ মাপার ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে নিজেও প্রবীণদের সঙ্গে শরীরচর্চা ও ব্যায়ামে অংশ নেওয়ার কথা জানান তিনি।

পরে প্রতিমন্ত্রী নিজেই ব্যায়াম ও শরীরচর্চায় অংশ নেন এবং উপস্থিত প্রবীণদের বিভিন্ন ব্যায়াম প্রদর্শন করেন।

‘গুড মর্নিং বোদা অ্যাসোসিয়েশন’-এর উদ্যোক্তা ও সভাপতি এবং বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিম্ময় বলেন, পৌর এলাকার প্রবীণ ব্যক্তিরা যেন নিয়মিত শরীরচর্চার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বোদা পৌর এলাকার কয়েক শ প্রবীণ নারী-পুরুষ অংশ নিয়ে হাঁটা, ব্যায়াম ও শরীরচর্চা করেন।