রাজশাহীর গোদাগাড়ীতে সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার বাস্তবতা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ স্বপ্ন তুলে ধরতে ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব ‘আবেহাও’ আয়োজন করেছে হাল্ট প্রাইজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৬–২৭।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৫ নম্বর পোগ্রাম ইউনিয়নের বটতলী আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
‘প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব ‘আবেহাও’-এর মাধ্যমে সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষাক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, দৈনন্দিন প্রতিকূলতা এবং সুন্দর ভবিষ্যৎ ঘিরে তাদের আকাঙ্ক্ষা তুলে ধরার চেষ্টা করা হয়।
এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য ছিল কমিউনিটির মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সম্পৃক্ততার মাধ্যমে তাদের অভিজ্ঞতা এবং বাস্তব পরিস্থিতি অনুধাবন করা। আয়োজকদের মতে, অর্থবহ পরিবর্তনের সূচনা হয় মানুষের কথা শোনা, তাদের বাস্তবতা বোঝা এবং অধিকারকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে।
এ বিষয়ে হাল্ট প্রাইজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর মৃণ্ময় সাহা বলেন, “আমাদের কাছে হাল্ট প্রাইজ কেবল উদ্যোক্তা তৈরি কিংবা প্রতিযোগিতার আয়োজন নয়; বরং সমাজের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার একটি প্ল্যাটফর্ম। আমরা চাই, সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার বাস্তবতা ও তাদের স্বপ্নগুলো আরও বেশি মানুষের সামনে উঠে আসুক। সমাজের প্রতিটি শিশুর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
প্রজেক্ট হেড নাজমুল হুদা বলেন, “প্রজেক্ট অগ্রযাত্রার ‘আবেহাও’ পর্বের মূল লক্ষ্য ছিল সাঁওতাল সম্প্রদায়ের মানুষের কাছাকাছি গিয়ে তাদের কথা শোনা, তাদের অভিজ্ঞতা বোঝা এবং শিক্ষার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো উপলব্ধি করা। আমরা বিশ্বাস করি, কোনো কমিউনিটির জন্য পরিবর্তনের উদ্যোগ নিতে হলে প্রথমে তাদের বাস্তবতা জানতে হবে এবং তাদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে হবে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যেন তাদের শিশুদের শিক্ষার অধিকার ও সম্ভাবনা নিয়ে বৃহত্তর সচেতনতা তৈরিতে ভূমিকা রাখে, সেটিই আমাদের প্রত্যাশা।”
আয়োজনে ক্যাম্পাস ডিরেক্টর মৃণ্ময় সাহা, ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর নিশান রহমান এবং প্রজেক্ট হেড নাজমুল হুদাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, কোনো শিশুর সামাজিক পরিচয় কিংবা আর্থিক পরিস্থিতি যেন তার স্বপ্নপূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়। শিক্ষা কোনো বিশেষ সুযোগ বা প্রিভিলেজ নয়, এটি প্রতিটি শিশুর মৌলিক অধিকার।
‘আবেহাও’ একটি নতুন সকালের প্রত্যাশা, যেখানে প্রতিটি শিশু সমানভাবে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাবে এবং সুযোগের অভাবে কোনো স্বপ্ন থেমে যাবে না।