চট্টগ্রামের সীতাকুণ্ডে নিরাপদ অভিবাসন এবং বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণ জোরদার করার লক্ষ্যে প্রবাসবন্ধু ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় সীতাকুণ্ডের নামার বাজারে ব্র্যাকের এরিয়া অফিসে এ সভার আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ব্র্যাকের সহ-অর্থায়ন ও বাস্তবায়নে পরিচালিত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস’ (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেস ম্যানেজমেন্ট অফিসার মাহমুদুল হাসান। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারজানা আক্তার।
সভায় বক্তারা বিদেশফেরত অভিবাসীদের আর্থসামাজিক পুনরেকত্রীকরণ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রবাসবন্ধু ফোরামের ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তাঁরা নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়ানো এবং বিদেশফেরত ব্যক্তিদের সমাজ ও অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহনাজ বেগম, ফাতেমা বেগম, স্থানীয় সাংবাদিক জাহাঙ্গীর আলম, আশরাফুল আলম শাহীন, শিপ্রা রানী দে ও খালেদা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় উপস্থিত ব্যক্তিরা নিরাপদ অভিবাসনের বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।