রাজশাহীতে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ এবং এআই-নির্ভর উসকানিমূলক ছবি, পোস্টার ও কনটেন্ট ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে মিজানুর রহমান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে নগরের কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার মিজানুর রহমান রাজশাহীর দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের মুরশিদ আলীর ছেলে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি বাংলাদেশ পলিটেকনিক, হেতেমখাঁ, রাজশাহীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতা। তিনি দুর্গাপুর উপজেলার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতির দায়িত্বেও ছিলেন বলে জানানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মিজানুরকে জিজ্ঞাসাবাদ এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করা হয়। এ সময় ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি তৈরি ও প্রকাশের পাশাপাশি বিভিন্ন উসকানিমূলক এআই-নির্ভর ছবি, পোস্টার ও কনটেন্টের সন্ধান পাওয়া যায়।
পুলিশের দাবি, এসব কনটেন্টের মাধ্যমে শ্রমিকদের মধ্যে উসকানি সৃষ্টি, জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্ররোচিত করার অপচেষ্টা চালানো হচ্ছিল। তবে এ বিষয়ে তদন্তের বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এ ছাড়া মিজানুরের বিরুদ্ধে মতিহার ও কাশিয়াডাঙ্গা থানায় পেনাল কোড আইনে দুটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।