রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার (২ নভেম্বর) মহানগর ডিবি, রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, বেলা পৌনে ১২টার দিকে মহানগর ডিবি পুলিশ রাজপাড়া থানার কোর্ট বুলনপুর এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি কাশিয়াডাঙ্গা থানার আদর্শগ্রামের শামীম শেখের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় একটি মাদক মামলা রয়েছে।

অন্যদিকে, সন্ধ্যা ৬টার দিকে রাজপাড়া থানা পুলিশ দাশপুকুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে রুম্মান আলী (৩৬) ও খন্দকার শাকিল হোসেন পলাশ (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করে। রুম্মান শ্রীরামপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে এবং পলাশ কেশবপুর গ্রামের মৃত সামসুল আলমের ছেলে। তাঁদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১৯৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। রুম্মানের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা রয়েছে। পলাশের বিরুদ্ধে একই থানায় সাতটি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া সন্ধ্যা সোয়া ৬টার দিকে কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম মিনাল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি গোদাগাড়ী থানার রামনগর লালবাগ গ্রামের আব্দুর রহমান ওরফে সরকারের ছেলে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩০০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।