নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকে করে ইয়াবা পাচারের সময় ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ রাজশাহীর দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বন্দরের মদনপুর এলাকায় রাফি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-৫-এর রাজশাহীর সিপিএসসি ও এসআরবি-১১-এর নারায়ণগঞ্জ সদর কোম্পানি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়া (মাঠপাড়া) এলাকার একাব্বর আলীর ছেলে মো. ইয়াদুল ইসলাম (৪০) এবং বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. নয়ন ইসলাম (২৪)।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে একটি ট্রাকে করে ঢাকার উদ্দেশে মাদকদ্রব্য নিয়ে যাওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে যৌথ আভিযানিক দল মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন ট্রাকটি থামিয়ে তল্লাশি করে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ইয়াবার পাশাপাশি হলুদ-নীল রঙের একটি ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ট-১৬-৩৪৮১।

এসআরবি আরও জানায়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার দুজন ও উদ্ধার করা আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।