কৃষকদের সেচব্যবস্থাকে আরও সাশ্রয়ী, সহজ ও পরিবেশবান্ধব করতে নাটোরের নলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘কৃষি বন্ধু সোলার পাম্প গ্রুপ’। সৌরপ্রযুক্তির মাধ্যমে কৃষকদের সেচসুবিধা নিশ্চিত করা এবং ডিজেল ও প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় নলডাঙ্গার মাধনগরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রাজু। এ সময় উপস্থিত ছিলেন কৃষি বন্ধু সোলার পাম্প গ্রুপের দুই পার্টনার এমডি সোহেল রানা (শোয়েব) ও মোহাম্মদ রমজান আলী।
প্রতিষ্ঠানটির পার্টনার এমডি সোহেল রানা (শোয়েব) ও মোহাম্মদ রমজান আলী বলেন, তাঁদের লক্ষ্য শুধু সোলার পাম্প সরবরাহ করা নয়; বরং কৃষকদের চাহিদা অনুযায়ী মানসম্মত যন্ত্রপাতি ও আধুনিক সেচব্যবস্থা নিশ্চিত করা। পাশাপাশি সারা দেশে বিক্রয়োত্তর সেবা প্রদানের পরিকল্পনাও রয়েছে।
তাঁরা আরও বলেন, কৃষকের উন্নয়নই দেশের উন্নয়ন। আধুনিক প্রযুক্তিকে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের কৃষিকে আরও সমৃদ্ধ করতে তাঁরা কাজ করতে চান।
প্রতিষ্ঠানটির স্লোগান নির্ধারণ করা হয়েছে— ‘কৃষকের পাশে, সেচের পানির নিশ্চয়তায়।’
অনুষ্ঠানে উপস্থিত সচেতন মহলের ব্যক্তিরা বলেন, বর্তমানে বিদ্যুৎ সমস্যা ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কৃষকদের সেচকাজে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ পরিস্থিতিতে সৌরবিদ্যুৎচালিত পাম্পের মাধ্যমে দিনের আলো ব্যবহার করে কৃষিজমিতে সেচ দেওয়ার সুযোগ তৈরি হবে। এতে ডিজেল ও প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমার পাশাপাশি দীর্ঘমেয়াদে কৃষকদের সেচ খরচ কমানোর সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারও বৃদ্ধি পাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা পারভেজ ও মোহাম্মদ আশরাফ উদ্দৌলা আকন্দ (খোকন), স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার মৃধা, ইউপি সদস্য কাজী ফরিদ ইসলাম, আব্দুল সাত্তার দেওয়ান, উজ্জ্বল হুজুর, উজ্জ্বল খন্দকার কিশোর, মোহাম্মদ সাগর, মোহাম্মদ মিজানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় কৃষকরা।