জীবনের নানা পর্যায়ে সামাজিক অবহেলা, বঞ্চনা ও বৈষম্যের শিকার হতে হয় তৃতীয় লিঙ্গের মানুষদের। সেই বৈষম্য থেকে রেহাই মেলে না মৃত্যুর পরও। সামাজিক কবরস্থানে তাদের মরদেহ দাফনে আপত্তি তোলেন স্থানীয়রা। এমনকি কারও মরদেহ শেষ পর্যন্ত দাফন করতে হয়েছে বাড়ির আঙিনায়। দীর্ঘদিনের এই অপমান, কষ্ট আর অনিশ্চয়তার অবসানে এবার মানবিক উদ্যোগ নিয়েছে নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসন। তৃতীয় লিঙ্গের মানুষের জন্য কেনা হয়েছে চার শতাংশ জমি। সেখানে গড়ে তোলা হবে তাদের নিজস্ব কবরস্থান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুমারখালী গ্রামে ব্যবসায়ী তৌফিক আলীর কাছ থেকে পাঁচ লাখ ১০ হাজার টাকায় চার শতাংশ জমি কেনা হয়েছে। জমি কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে গঠন করা হয় পাঁচ সদস্যের একটি কমিটি। জমির গ্রহীতা হিসেবে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের পক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে।

গত ৩১ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ আনুষ্ঠানিকভাবে জমির দলিল গুরুমাতা নদী সরকারের হাতে তুলে দেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে কেনা এই জমি পুরো গুরুদাসপুর উপজেলার তৃতীয় লিঙ্গের মানুষের কবরস্থান হিসেবে ব্যবহৃত হবে।

জানা গেছে, তিন বছর আগে শীতকালে তৃতীয় লিঙ্গের সদস্য ছোহা (৩০) মারা যান। কিন্তু স্থানীয় সামাজিক কবরস্থানে তার মরদেহ দাফনের অনুমতি মেলেনি। শেষ পর্যন্ত পরিবারের সদস্যরা বাড়ির আঙিনায় কবর খুঁড়ে তাকে সমাহিত করেন। একই দুর্ভোগের শিকার হয়েছিলেন গুরুদাসপুরের হিজড়া সম্প্রদায়ের গুরুমাতা নদী সরকারের বাবা আহাদ আলী। তাকেও স্থানীয় কবরস্থানে দাফন করতে দেওয়া হয়নি।

এমন অভিজ্ঞতা থেকেই নিজেদের সম্প্রদায়ের জন্য একটি স্থায়ী কবরস্থানের দাবি তোলেন নদী সরকার। উপজেলা পর্যায়ের এক সভায় বিষয়টি তুলে ধরার পর জমি কেনার উদ্যোগ শুরু হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় অবশেষে বাস্তবায়িত হয় তাদের দীর্ঘদিনের প্রত্যাশা।

নিজেদের জন্য স্থায়ী কবরস্থানের ব্যবস্থা হওয়ায় উচ্ছ্বাস ও স্বস্তি প্রকাশ করেছেন গুরুমাতা নদী সরকার। তিনি জানান, এতদিন সম্প্রদায়ের কারও মৃত্যু হলে দাফনের জায়গা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতো। সামাজিক কবরস্থানে জায়গা না পাওয়ায় নানা বিড়ম্বনার মুখে পড়তে হতো। এখন নিজেদের জন্য নির্দিষ্ট জমি পাওয়ায় সেই দুশ্চিন্তা অনেকটাই কমেছে।

তৃতীয় লিঙ্গের গুরুদাসপুর উপজেলা কমিটির তথ্য অনুযায়ী, উপজেলায় এ সম্প্রদায়ের মোট সদস্য ৪৫ জন। এর মধ্যে ২১ জন বসবাস করেন কুমারখালী গ্রামে। তাদের অধিকাংশেরই স্থায়ী কর্মসংস্থান ও নির্ভরযোগ্য আবাসন নেই। জীবনের নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই দিন কাটে তাদের। এর মধ্যে মৃত্যুর পর দাফনের জায়গা নিয়ে অনিশ্চয়তা ছিল আরও বড় দুশ্চিন্তার কারণ।

সম্প্রদায়ের সদস্য নুপুর, সোনালী, সৌখীন, মাধবী, ইতি ও দীপা বলেন, তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় সমাজে নানা ধরনের কটূক্তি, অবহেলা ও বৈষম্যের শিকার হতে হয়। অনেক ক্ষেত্রে প্রয়োজনের সময় তাদের ব্যবহার করা হলেও বিপদে পাশে দাঁড়াতে চান না অনেকে। জীবিত অবস্থায় নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার পর মৃত্যুর পরও দাফনের জায়গা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। নিজেদের জন্য কবরস্থানের জমি পাওয়ায় তারা আনন্দিত।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, মৃত্যুর পর তৃতীয় লিঙ্গের মানুষদের সামাজিক কবরস্থানে দাফন করতে দেওয়া হয় না—বিষয়টি জানার পর তিনি ব্যথিত হন। অন্তত মৃত্যুর পর যেন তারা নিজেদের জমিতে সমাহিত হতে পারেন, সে ব্যবস্থা করা হয়েছে। এ সম্প্রদায়ের সদস্যদের পুনর্বাসনসহ আরও কিছু পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনের।

সামাজিক বৈষম্যের কারণে জীবনের শেষ মুহূর্তেও যাদের দাফনের জায়গা নিয়ে অনিশ্চয়তায় থাকতে হতো, তাদের জন্য এই উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে। স্থানীয়দের প্রত্যাশা, শুধু মৃত্যুর পর শেষ ঠিকানাই নয়, জীবিত অবস্থাতেও তৃতীয় লিঙ্গের মানুষদের সামাজিক মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে এগিয়ে আসবে সবাই।