তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রতিশ্রুতিতেই কেটে গেছে বছরের পর বছর। আওয়ামী লীগ সরকার তিস্তাকে রাজনৈতিক হাতিয়ার বানালেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের দেওয়া ঘোষণাও পূর্ণতা পায়নি। এবার বিএনপি সরকারও দিয়েছে বাস্তবায়নের আশ্বাস। প্রশ্ন হচ্ছে, এবারও কি প্রতিশ্রুতিতেই আটকে থাকবে তিস্তার ভবিষ্যৎ? অধিকারকর্মীরা বলছেন, কোটি মানুষের জীবন-জীবিকার প্রশ্নে প্রয়োজনে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি।

তিস্তা শুধু একটি নদী নয়, উত্তরের দুই কোটি মানুষের জীবন-জীবিকা, কৃষি ও অর্থনীতির সঙ্গে জড়িয়ে আছে এর অস্তিত্ব। তিস্তার নানামুখী সংকট থেকে বাঁচতে দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন নদীপাড়ের মানুষ।

বিগত আওয়ামী লীগ সরকার তিস্তাকে ব্যবহার করেছিল রাজনৈতিক হাতিয়ার হিসেবে। তবে ২০২৬ সালের জানুয়ারিতে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর ঘোষণা ছিল অন্তর্বর্তী সরকারের। কিন্তু শেষ পর্যন্ত সেটিও আটকে যায় প্রতিশ্রুতিতেই।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তখন বলেন, ‘১২ হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে। এটি ১০ বছর মেয়াদি পরিকল্পনা। এর মধ্যে প্রথম পাঁচ বছরে সেচ, নদীভাঙন রোধ এবং স্থায়ী বাঁধ—এই তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়া হবে।’

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আবারও আশার কথা শুনিয়েছেন নীতিনির্ধারকেরা। ফলে নতুন স্বপ্ন বুনছেন তিস্তা অববাহিকার মানুষ। পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, সম্ভাব্যতা সমীক্ষার কাজ প্রায় শেষ পর্যায়ে, শিগগিরই তৈরি হবে ডিপিপি।

প্রতিমন্ত্রী বলেন, ‘তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা দূর করতে এবং শত বছর ধরে যেন তারা তিস্তা মহাপরিকল্পনার সুফল পায়, সেভাবেই ডিপিপি নির্মাণ করা হচ্ছে। এ জন্য পানি নিয়ে যেসব দেশ কাজ করে, তাদের সহযোগিতা নেওয়ারও চেষ্টা করছি।’

তিস্তা নিয়ে প্রতিশ্রুতির কমতি নেই, কমতি রয়েছে শুধু দৃশ্যমান বাস্তবায়নে। তাই উত্তরের মানুষের প্রত্যাশা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আর নতুন সময়সীমা নয়, তাঁরা চান মাঠপর্যায়ে কাজের সুনির্দিষ্ট উদ্যোগ।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের রংপুরের সভাপতি নজরুল ইসলাম হক্কানি বলেন, ‘এই সরকারও বলেছে তারা নিজের টাকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। তাই যদি হয়, তাহলে একটা রোডম্যাপ দিয়ে একনেকে অর্থ বরাদ্দ দিয়ে কাজ শুরু করা উচিত। তা না হলে মানুষের আশাভঙ্গের যন্ত্রণা বিক্ষোভে রূপ নেবে।’

তিস্তা অববাহিকার দুই কোটি মানুষের জীবন বদলে দেওয়ার এই প্রকল্প বাস্তবায়ন হোক দ্রুত, এখন সেই অপেক্ষায় নদীপাড়ের মানুষ।