কোলেপিঠে মানুষ করা ছেলের ভয়ে এখন নিজের ঘরেই ফিরতে পারছেন না এক মা। মাদক মামলায় পাঁচ মাস কারাভোগের পর কারাগার থেকে বেরিয়ে মাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে রাজু মিয়ার (২২) বিরুদ্ধে। নিরুপায় হয়ে সাত বছরের নাতি মিনহাজকে সঙ্গে নিয়ে বাড়িঘর ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন নাসিমা বেওয়া (৪৭)। নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানা ও উপজেলা প্রশাসনের কাছে ঘুরেও এখনো কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ তাঁর।

ঘটনাটি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের দফাদার মোড় এলাকার। নাসিমা বেওয়া ওই গ্রামের মৃত হবিবর রহমানের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে স্বামীর মৃত্যুর পর দুই ছেলে, বড় ছেলের স্ত্রী ও নাতিকে নিয়ে সংসার চালিয়ে আসছিলেন নাসিমা। তাঁর বড় ছেলে রাজু মিয়া মাদকাসক্ত হয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। মাদকের টাকার জন্য মায়ের ওপর নির্যাতন এবং বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন তিনি। ছেলের নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় এক বছর আগে রাজুর স্ত্রী সন্তান ও স্বামীকে রেখে ঢাকায় চলে যান।

এ পরিস্থিতিতে গত ২ জুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রাজুকে ১০০ টাকা জরিমানা ও পাঁচ মাসের কারাদণ্ড দেন। ছেলের কারাভোগের সময় ভয়ে ছোট ছেলে লিমন (১৮) বাড়ি ছেড়ে ঢাকায় চলে যান বলে জানা গেছে।

গত রোববার (১ নভেম্বর) কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রাজু মুঠোফোনে মাকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন নাসিমা। ছেলের এমন হুমকিতে আতঙ্কিত হয়ে ওই দিনই সাত বছরের নাতি মিনহাজকে নিয়ে বাবার বাড়ি পাইকেরছড়ায় আশ্রয় নেন তিনি। অভিযোগ, এরপর রাজু বাড়িতে গিয়ে ভাঙচুর চালান এবং মাকে খুঁজতে থাকেন।

নাসিমা বেওয়া বলেন, ছেলের ভয়ে নিজের বাড়িতে ফিরতে পারছি না। জীবনের নিরাপত্তা চেয়ে রোববার রাতে থানায় গেলে আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে যেতে বলা হয়। সোমবার দুপুরে ইউএনওর কার্যালয়ে গেলে আবার থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়। তিনি বলেন, ‘আমি বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। রাজু আমাকে পেলে মেরে ফেলবে। আমি আমার জীবনের নিরাপত্তা চাই।’

ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে রোববার রাতে তিনি ওই বাড়িতে গিয়েছিলেন। কিন্তু রাজু কারও কথা শুনতে চান না। মাকে মেরে ফেলার হুমকি দেওয়ার পাশাপাশি ঘরের তালা ও বেড়া ভেঙে ফেলেছেন বলে অভিযোগ করেন তিনি। রাজু মাঝেমধ্যে আত্মহত্যার হুমকিও দেন বলে জানান এই জনপ্রতিনিধি।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, নাসিমা বেওয়া থানায় এসেছিলেন কি না, তা তাঁর জানা নেই। ওই সময় তিনি আদালতে ছিলেন। ওই নারী থানায় এলে তাঁর সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, ওই নারী তাঁর কাছে এসেছিলেন। তাঁকে থানায় গিয়ে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে।