রাজশাহীর মোহনপুর উপজেলায় সাংবাদিক রাসেদুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে একটি মোটরসাইকেল, দুটি স্মার্টফোন, একটি ল্যাপটপ, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোহনপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ভাতুড়িয়া গ্রামে রাসেদুল ইসলামের নিজ বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে দুর্বৃত্তরা বাড়ির দরজার ছিটকিনি খুলে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে কালো রঙের একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, একটি অপো এ৬ ও একটি রিয়েলমি সি২১ওয়াই স্মার্টফোন, একটি ল্যাপটপ, নগদ ৬ হাজার টাকা, দুটি ডাচ্-বাংলা ব্যাংকের কার্ড, একটি আইএফআইসি ডেবিট কার্ড, জাতীয় পরিচয়পত্র ও একটি মানিব্যাগ।
অভিযোগে চুরি হওয়া মালামালের আনুমানিক মোট মূল্য প্রায় ২ লাখ ৪৯ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী রাসেদুল ইসলাম জানান, চুরির ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এ ঘটনায় মোহনপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।