রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৬ জন কৃতী শিক্ষার্থীকে ‘প্রফেসর এ বি এম হোসেন ও শাহানারা হোসেন ফাউন্ডেশন বৃত্তি’ দেওয়া হয়েছে। ২০২১ ও ২০২২ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় চারটি বিভাগের শীর্ষস্থান অধিকারী শিক্ষার্থীরা এ বৃত্তি পেয়েছেন। প্রত্যেককে পাঁচ হাজার টাকার চেক ও সনদপত্র দেওয়া হয়।মানচিত্র দেখুন

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ এবং বৃত্তির পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষক ড. মঈন হোসেন।

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, অর্থনীতি এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের স্নাতক (সম্মান) পরীক্ষায় শীর্ষস্থান অধিকারী শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক মামুনুর রশীদ বলেন, মেধার মূল্যায়ন না হলে মেধা চর্চা অনুপ্রাণিত হয় না। এ বৃত্তি প্রদানের মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নবীনদের মেধা বিকাশেও উৎসাহিত করা হয়েছে। মেধার বিকাশ ও লালনকে উৎসাহিত করতে সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বৃত্তি, পদক ও পুরস্কার প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বৃত্তির পৃষ্ঠপোষক ড. মঈন হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক দিলশাদ আরা বুলু, ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মো. শেরেজ্জামান, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ইউনুস আহমদ খান বক্তব্য দেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে শ্রাবণী আক্তার, আন্না কারানিনা, মো. মওদুদ হাসান সৈকত ও ফারহানা কিবরিয়াও অনুভূতি প্রকাশ করেন।

২০২১ সালের স্নাতক পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোছা. শ্রাবণী আক্তার, মো. রহমত উল্লাহ ও মোরশেদ আলম; ইতিহাস বিভাগের সুবাইসতা নাইমি, ফারহানা কিবরিয়া ও মোছা. উম্মে রশিদা; অর্থনীতি বিভাগের মিজানুর রহমান, মো. সাদ্দাম হোসেন ও মো. মওদুদ হাসান সৈকত এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের রোকেয়া আলম শানু, আন্না কারানিনা ও বসির রায়হান মনি।


২০২২ সালের স্নাতক পরীক্ষায় বৃত্তি পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জোহরা আকতার, ফাহমিদা আকতার, তানজিন সরকার ও মোছা. খাদিজা খানম; ইতিহাস বিভাগের খালিদ হাসান, মো. মাসুদ আল আরফিন, মো. রায়হান নবিউল রনি ও মোছা. কানিজ ফাতেমা; অর্থনীতি বিভাগের মো. হামদুল ইসলাম, মোছা. অনু খাতুন ও মো. ইকবাল হাসান এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের জুই খাতুন, তামান্না ইয়াসিন ও সাউদা আকতার নাতাশা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ড. এ বি এম হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন। তাঁর স্ত্রী ড. শাহানারা হোসেন ছিলেন ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক।