রাজশাহীর গোদাগাড়ীতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের এক সহযোগী পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে উপজেলার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের বসন্তপুর তিলিবাড়ী গ্রামে নর্থ বেঙ্গল এগ্রো ফার্মের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোদাগাড়ী উপজেলার ইটাহারী গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. ইসমাইল হোসেন (২৮) ও মো. ইসাহাক আলী (২৪)।
রাজশাহী জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনায় জেলা ডিবির এসআই স্বপন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাজাবাড়ীহাট এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, বসন্তপুর তিলিবাড়ী এলাকায় মহাসড়কের ওপর কয়েকজন মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে বিকেল ৫টা ৩৫ মিনিটে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ইসমাইল ও ইসাহাককে আটক করা হয়। তল্লাশিতে ইসমাইলের লুঙ্গির পেছনের ভাঁজ থেকে ১০০ পিস এবং ইসাহাকের লুঙ্গির পেছনের বাম পাশের ভাঁজ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তাঁদের সঙ্গে থাকা রুবেল হোসেন (২৩) নামে আরও এক ব্যক্তি পালিয়ে গেছেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চর বাগডাঙ্গা এলাকায়। তাঁর বাবার নাম জানা যায়নি।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক রুবেলের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।