রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, হেরোইন ও দেশীয় তৈরি চোলাইমদসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদক সেবনরত অবস্থায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) মহানগর ডিবি, এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি, পবা ও মতিহার থানা এবং কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, রোববার বিকেল সোয়া ৫টার দিকে মহানগর ডিবি পুলিশ পবা থানার ভবানীপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমিনুল (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি সাইদুর রহমানের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে পবা থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে।

একই দিন সন্ধ্যা ৭টার দিকে ডিবি পুলিশ রাজপাড়া থানার পূর্ব মোল্লাপাড়া (আলীগঞ্জ) এলাকায় রাসেল হোসেন (২৯) নামে আরেক ব্যক্তিকে তাঁর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি আজাহার আলীর ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় দুটি মাদক মামলা এবং তানোর থানায় পেনাল কোডে একটি মামলা রয়েছে।

এর আগে ৩১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে শামীম ইসলাম ওরফে রকি (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তিনি দৌলতপুর দক্ষিণপাড়া গ্রামের শানু মন্ডলের ছেলে। তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে, ১ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে পবা থানা পুলিশ পারিলা গ্রামে অভিযান চালিয়ে নাহিদ শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি আক্কাছ শেখের ছেলে। তাঁর বসতবাড়ি থেকে ছয় পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে মতিহার থানা পুলিশ অক্ট্রয় মোড় এলাকায় অভিযান চালিয়ে জলিল প্রামানিক (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি কাজলা গ্রামের মৃত মেহের আলী প্রামানিকের ছেলে। তাঁর কাছ থেকে পাঁচ বোতলে মোট ১ দশমিক ২৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি গুড়িপাড়া ক্লাব মোড় এলাকায় অভিযান চালিয়ে রাকিবুল (৪০) নামে এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। তিনি বোয়ালিয়া থানার খড়বোনা নদীর ধার এলাকার মৃত কলিমুদ্দিনের ছেলে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।