নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেড়িলাবাড়ী জামতলা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। 

নিহত দুই শিশুরা হল, বেড়িলাবাড়ী জামতলা গ্রামের সিরাজুল হকের তিন বছর বয়সী মেয়ে শিউলী খাতুন ও একই এলাকার আনারুল ইসলামের তিন বছর দুই মাস বয়সী আফিয়া খাতুন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও নিহত শিশুদের পরিবারের সদস্যরা জানান,শিশু শিউলী ও আফিয়া দুইজন বাড়ীর পাশে একটি জমিতে খেলা করছিলো। খেলাধুলা কারার এক পর্যায়ে কোন এক সময় শিশুরা পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে দীর্ঘ সময় পরিবারের লোকজন শিশুদের দেখতে না পেয়ে বাড়ীর আশেপাশে খোঁজাখুজি শুরু করে। কিন্তু কোথাও শিশুদের খুঁজে পায়না। পরে বাড়ীর পাশের কৃষি জমির মধ্যে পুকুরে শিশুদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

 পরে শিশুদের উদ্ধার করে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। প্রাথমিক অনুসন্ধান এবং ঘটনায় শিশুদের বাবা, মা এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শেষে শিশুদের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত না করেই পরিবারের সদস্যদের দাফনের অনুমতি দেওয়া হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।