রাজশাহী মহানগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে গেছে।
গতকাল রোববার (১ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে নগরীর উপশহর এলাকার সেক্টর-২, হোল্ডিং নম্বর ৪৯-এর একটি প্লটের টিনশেড ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ির একটি দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পবা থানার বাগধানী গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. সজিব (২৭) এবং গোদাগাড়ী থানার পালপুর ধরমপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. রায়হান (২০)। এ সময় রাজপাড়া থানার লক্ষ্মীপুর ডিঙ্গাডোবা গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে মো. বিপ্লব আলী (৩৯) ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গ্রেপ্তার সজিবের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক বিপ্লব আলীসহ অজ্ঞাতনামা অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।